রায়নার স্ত্রীও চুল কাটলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেশ রায়নার চুল কেটে দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা। ছবি: টুইটার
সুরেশ রায়নার চুল কেটে দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা। ছবি: টুইটার

ঘরের বাইরে যাওয়া বারণ। কিন্তু সে নিয়মকে তোয়াক্কা করবে কেন কারও চুল-দাঁড়ি! প্রকৃতির নিয়ম মেনে সময় যত গড়ায়, বড় হতে থাকে চুল, দাঁড়ি আর গোফ! কিন্তু পছন্দের নরসুন্দরের কাছে গিয়ে তা কাটার কোনো উপায় এই মুহূর্তে নেই। করোনাভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে আছেন সবাই।

এই সুযোগে নরসুন্দর হয়ে গেছেন অনেকের স্ত্রী, অনেকের মা। সবারটা আর জানার উপায় নেই। কিন্তু বিভিন্ন জগতের তারকাদের ঘরের খবর তো আর চাপা থাকে না। কখনো কখনো নিজেরাই আবার তাদের হাঁড়ির খবর দিয়ে দেন ভক্তদের। আর ঘরবন্দী থাকার এই সময়ে প্রিয় তারকার খবর যেহেতু আরও বেশি করে জানতে চান ভক্তরা, তারকারাও তাই তাঁদের বঞ্চিত করেন না!

কদিন আগে বিরাট কোহলি টুইটারে ছবি দিয়েছিলেন তাঁর তারকা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা চুল কেটে দিচ্ছেন। এমন একটি ছবি আর ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। প্রেমিকা জজির্না রদ্রিগেজ চুল কেটে দিচ্ছেন রোনালদোকে। এ দুজনকে অনুসরণ করে এবার এমনই একটি ছবি টুইটারে দিলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। টুইটারে দেওয়া রায়নার ছবিটি তাঁর নিজেরই। ক্যাপশনে লিখেছেন, ‘(ছবিটি দেওয়ার জন্য) আমার আর তর সইছিল না...প্রিয়াঙ্কা চুল কেটে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’ স্ত্রী প্রিয়াঙ্কার দেওয়া কাট যে সুরেশ রায়নার খুব পছন্দ হয়েছে সেটা বোঝা যায় এই ছবি আর ক্যাপশন থেকেই।