রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির শৃঙ্খলা প্যানেলেই শেষ হচ্ছে না বিপিএল ফিক্সিংয়ের বিচার। এটি এখন সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)। শৃঙ্খলা প্যানেলের রায় মানতে না পেরে আইসিসি ও বিসিবি গত পরশু এটিকে নিয়ে গেছে সেখানে।
বিপিএল ফিক্সিং বিতর্কের কেন্দ্রীয় চরিত্র মোহাম্মদ আশরাফুলের রায়ের বিরুদ্ধেই শুধু নয়, আপিল করা হয়েছে আরও পাঁচজনের রায়ের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল প্রথমে আশরাফুলকে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করেছিল। আপিলের পর যেটি পাঁচ বছরে কমে যায়, যার দুই বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী ও তাঁর ছেলে শিহাব চৌধুরীকে ১০ বছরের বহিষ্কারাদেশ দেওয়া হলেও ক্রীড়া আদালতের কাছে করা আপিলে তাঁদের আজীবন বহিষ্কারাদেশ চাওয়া হয়েছে। এ ছাড়া ‘বেকসুর খালাস’ পাওয়া তিন ক্রিকেটার বাংলাদেশের মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম এবং ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্সের রায়ও পুনর্বিবেচনার আপিল করা হয়েছে বলে কাল রাতে টেলিফোনে জানিয়েছেন বিসিবির আইনজীবী মোদাচ্ছির হোসেন।