রিকি পন্টিং দুষছেন খেলোয়াড়দেরই

রিকি পন্টিং কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার এই হাল। হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে তিনি ক্ষুব্ধ দলের খেলোয়াড়দের ওপরই। সাবেক এই অধিনায়ক মনে করেন, দলের ব্যাটসম্যানদের প্রতিরোধ ক্ষমতার অভাবই এমন হারের জন্য দায়ী। খেলোয়াড়দের অবশ্যই দলের বিপদের সময় দাঁড়িয়ে লড়াই করতে হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর প্রোটিয়াদের কাছে ঘরের মাঠে টানা দুই হার—অস্ট্রেলীয় ক্রিকেট সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কি না, সে প্রশ্ন উঠছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৫৮ থেকে ২৪২ রানে অলআউট হয়ে যাওয়া। হোবার্টের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়ে যাওয়া, সর্বশেষ আজ দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে শেষ ৮ উইকেট হারানো—অস্ট্রেলীয় ক্রিকেট দল এখন অধঃপতনের তলানিতেই। হোবার্ট টেস্টে দুই ইনিংসজুড়ে মাত্র ৫৫৮ বল খেলার ব্যাপারটিও কিন্তু খেলোয়াড়দের প্রতিরোধ ক্ষমতার অভাবই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এমন অবস্থায় পন্টিং হতাশা আর আক্ষেপই ঝরেছে পন্টিংয়ের কণ্ঠে। বিটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অস্ট্রেলীয় ক্রিকেটাররা খেলতেই পারছে না। ব্যাটসম্যানরা বুঝতেই পারছে না তারা কী করবে, কীভাবে খেলবে। তাঁরা খুবই রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলছে। কিন্তু পুরো টেস্টেই দেখা গেছে প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে রক্ষণাত্মক হতে যে ধরনের টেকনিক দরকার, সেটি তাদের নেই। আমরা অস্ট্রেলীয় ক্রিকেট দলের কাছে আরও একটি বাজে ব্যাটিং পারফরম্যান্স দেখলাম।’
অনেকেই নির্বাচকদের দোষ দিচ্ছেন। দলের ৩৭ বছর বয়সী অ্যাডাম ভোজেস, কিংবা ৩১ বছর বয়সী কালাম ফার্গুসনের কী দরকার, প্রশ্ন উঠেছে সেটি নিয়েও। মিচেল মার্শকে বসিয়ে দলে ঢোকা ফার্গুসন কিংবা ভোজেসের যোগ্যতাকে কেউ কেউ ‘টেস্ট মানের নয়’ বলে মন্তব্য করেছেন।
পন্টিং অবশ্য অভিযোগের তির নির্বাচকদের দিকেই রাখতে চান না, ‘দল নির্বাচনের কারণে দলের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিলেও দিতে পারে। কিন্তু যেকোনো খেলোয়াড়ের অবশ্যই মাঠে গিয়ে লড়াইটা ঠিকমতো করা উচিত। একটা উপায় অন্তত বের করা উচিত যে কীভাবে আমি পরিস্থিতি সামাল দেব।’
নিজের সময় দারুণ দারুণ সব খেলোয়াড় ছিল অস্ট্রেলীয় দলে। সেই ‘গ্রেট’ দলও মাঠে বিপর্যয়ের মুখে কম পড়েনি। পন্টিং বলেন, ‘আমার দলে অন্তত এমন সব খেলোয়াড় ছিল, যারা দলের বিপদের মুখে বুক চিতিয়ে লড়ে পরিস্থিতি সামাল দিকে পারদর্শী ছিল। আমরাও শূন্য রানে ২ উইকেট হারিয়েছি। কিন্তু ১০ রানে একাধিক উইকেট হারিয়েছি। কিন্তু আমার দলের অন্তত কেউ না কেউ মাঠে গিয়ে ভাবত, “ঠিক আছে যথেষ্ট হয়েছে। এবার আমি এমন কিছু করব, যা পুরো পরিস্থিতিই পাল্টে দেবে। আমি নিজের সর্বোচ্চটা দিয়েই দলের জন্য লড়ে যাব।”’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।