রিকি পন্টিংও ছিলেন কোহলিদের কোচ হওয়ার দৌড়ে

রিকি পন্টিংফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ভারতের ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীর। তিনি যে চুক্তি নবায়ন করবেন না, এটা আগেই জানা গিয়েছিল। রাহুল দ্রাবিড় যে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন, এটিও মোটামুটি নিশ্চিতই বলা যায়।

কিন্তু ভারতের জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে ছিলেন কিংবদন্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক রিকি পন্টিংও! এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে আছেন রিকি পন্টিং
ছবি: টুইটার

রাহুল দ্রাবিড়কে আগেই জাতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দ্রাবিড় বরাবরই জাতীয় দলের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন, চেয়েছিলেন বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে। ফলে নতুন কোচের সন্ধানে নামতে হয়েছিল বিসিসিআইকে।

এরই পরিপ্রেক্ষিতে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে ভারতের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পন্টিং আগ্রহী হননি, কোহলিদের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ঠিক কী কারণে তিনি কোচ হওয়ার প্রস্তাবে রাজি হননি, সেটা জানা যায়নি।

বিরাট কোহলি ও রবি শাস্ত্রী
ফাইল ছবি: এএফপি

বর্তমানে রিকি পন্টিং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অধীন দিল্লি আইপিএলের গত মৌসুমে রানার্সআপ হয়েছিল। এই মৌসুমেও খেলেছে প্লে–অফ। রিকি পন্টিং নাকচ করে দেওয়ার পর রাহুল দ্রাবিড়কে রাজি করানো ছাড়া বিসিসিআইয়ের কাছে আর কোনো উপায় ছিল না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ‘রাহুল দ্রাবিড় সব সময়ই কোচ হওয়ার জন্য যোগ্য লোক ছিলেন। কিন্তু আসল চ্যালেঞ্জটাই ছিল তাঁকে রাজি করানো। সত্যি কথা বলতে, দ্রাবিড় ছাড়া আর কোনো বিকল্প লোক ছিল না।’


যদিও বিসিসিআই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবুও রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে কারোরই অপছন্দ নয়। প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই থেকে দ্রাবিড়কে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি বর্তমানে যে বেতনে জাতীয় একাডেমির দায়িত্ব পালন করছেন, সেই বেতনে আর এ দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর জন্য ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার একমাত্র উপায় হচ্ছে ভারতের জাতীয় দলের কোচ হওয়া। ফলে জাতীয় দলের দায়িত্ব নেওয়া ছাড়া দ্রাবিড়ের হাতে আর কোনো পথ ছিল না।

ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, বেতন ১০ কোটি রুপি
ছবি: বিসিসিআই

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে নতুন কোচ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন, ‘কোচের নিয়োগ নিয়ে কী হচ্ছে, এ নিয়ে আমাদের কারোরই তেমন ধারণা নেই এবং আমাদের সঙ্গে এ নিয়ে কারও কোনো বিস্তারিত আলোচনাও হয়নি।’


দ্রাবিড় গত জুলাইয়ে শ্রীলঙ্কায় সফর করা ভারতের দ্বিতীয় সারির দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে ছিলেন।