রিচার্ডস, কলিংউডের পাশে রোহান মুস্তাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহান মুস্তাফা
রোহান মুস্তাফা

স্বপ্ন সবাই দেখে। বড় হওয়ার স্বপ্ন, দুনিয়াজুড়ে নাম ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। রোহান মুস্তাফারও নিশ্চয়ই এমন স্বপ্ন ছিল? কিন্তু পরশু আবুধাবিতে যা করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার, এতটা উচ্চাভিলাষী স্বপ্ন হয়তো তিনি নিজেও হয়তো কখনো দেখেননি। পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ওপেন করতে নেমে সেঞ্চুরি, এরপর অফ স্পিন বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই ভিভ রিচার্ডস ও পল কলিংউডের পাশে নাম বসেছে মুস্তাফার। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব শুধু এই তিনজনেরই।
পাকিস্তানি বংশোদ্ভূত মুস্তাফার অলরাউন্ড পারফরম্যান্স শুধু ম্যাচই নয়, সিরিজও জিতিয়েছে আমিরাতকে। ১২৫ বলে ১০৯ রান করেছেন মুস্তাফা। এই বাঁহাতির প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর আমিরাতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান রমিজ শেহজাদের। তাই পুরো ৫০ ওভার খেলেও ২৫১ রানে থেমেছে আমিরাত।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭৬ রান তুলে ফেলে পিএনজি। এরপরই ধসের শুরু, আর মাত্র ৭২ রান তুলতেই অলআউট হয়ে যায় দলটি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে এই ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন ২৮ বছর বয়সী মুস্তাফাই। আর তাতেই ইতিহাসে নাম লেখানো এবং দলকে ২-১ ব্যবধানে সিরিজ জেতানো হয়ে গেল আমিরাত অধিনায়কের। ক্রিকইনফো।

.
.