রিচার্ডসকে পাশে পাচ্ছেন স্যামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি টুর্নামেন্ট, বোর্ডের সঙ্গে আরও একবার ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের বিতর্ক। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থ বণ্টন নিয়ে বোর্ডের সঙ্গে লেগে গেছে স্যামি-গেইলদের। খেলোয়াড়দের দাবি, বোর্ড তাঁদের ঠকাচ্ছে। আগের চুক্তির চেয়ে ৮০ শতাংশ কম দেওয়ার ‘পাঁয়তারা’ করছে। আর বোর্ডের দাবি, সবকিছু ঠিকই আছে। খেলোয়াড়দের সঙ্গে এই চুক্তি নিয়ে ২০১৫ সালের মে মাসেই কথা হয়েছিল। এখন খামোখাই শেষ মুহূর্তে এসে বাড়তি দাবি করে বোর্ডকে চাপে ফেলতে চাইছেন খেলোয়াড়েরা।
দুই পক্ষের দাবি-পাল্টা দাবির মুখে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ‘মূল’ খেলোয়াড়েরা এই চুক্তিতেই খেলতে রাজি না হলে হয়তো দ্বিতীয় সারির দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয় খেলোয়াড়দের পক্ষে অধিনায়ক স্যামি অবশ্য বারবারই নিজেদের খেলার ইচ্ছার কথা জানাচ্ছেন। কয়েক দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) প্রধান নির্বাহী মাইকেল মিউরহেডের সঙ্গে ই-মেইলে আলাপ-আলোচনাও করছেন। তাই বিশ্বকাপের আগেই বিষয়টির সুরাহা হয়ে যেতে পারে।
ভিভ রিচার্ডসের কথায়ও মনে একটু জোর পেতে পারেন স্যামিরা। এর আগে ২০১৪ সালেও অর্থকড়ি নিয়ে ঝামেলায় ভারত সফর বাতিল করে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়েরা। এবারও যেন ‘দেজা ভু’। আর এতে বোর্ডের প্রশাসনেরই খুঁত দেখছেন রিচার্ডস। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, ‘বর্তমান সময়ে সবাই নিজের মূল্য জানে। আর এখানে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামির মতো খেলোয়াড় আছে। এরা সবাই টি-টোয়েন্টির অন্যতম সেরা খেলোয়াড়।’
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের এই চুক্তি নিয়ে ঝামেলার কারণ ব্যাখ্যা করে রিচার্ডস বললেন, ‘আমার মনে হয়, সমস্যাটা হচ্ছে বোর্ড অনেক বিলম্বে চুক্তি সই করায়। এতে খেলোয়াড়েরা ভালো-মন্দ চিন্তা করার সময়ও পায় না, এরই মধ্যে বোর্ড ওদের চুক্তি সই করতে বলে।’ তবে রিচার্ডস মনে করেন, শেষ পর্যন্ত যদি কোনো সমাধান না আসে, আর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দলই পাঠায়, সেটি ক্রিকেটের জন্যই ক্ষতির কারণ হবে।
এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড ও অফ স্পিনার সুনীল নারাইন। তবে চোটের কারণে পোলার্ড এবং বোলিং অ্যাকশনের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় নারাইন সরে দাঁড়িয়েছেন দাবি করে ডব্লুআইসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, এটা বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের চলমান চুক্তি-বিতর্কে কোনো প্রভাব ফেলবে না। এএফপি।