রিচার্ডসের চোখে কোহলি-স্টেইন-ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড যেমন বিরাট কোহলি তেমনি দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রাণ ডেল স্টেইন, সঙ্গে আছেন বিস্ফোরক এবি ডি ভিলিয়ার্স। ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে এই তিনের লড়াই-ই সবচেয়ে আকর্ষণীয় হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যারি রিচার্ডস।
২ অক্টোবর ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। যাতে দুই দল খেলবে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট। ব্যারি রিচার্ডস মনে করেন এই তিনের দ্যুতিই সিরিজটিকে করবে প্রতিদ্বন্দ্বিতামুখর, ‘আমার মনে হয় এটা এমন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে, যেখানে স্টেইনের ৫ উইকেট বা এবির বিশেষ ইনিংস কিংবা কোহলির সেঞ্চুরিতে পাশার দান উল্টে যেতে পারে যেকোনো সময়। দক্ষিণ আফ্রিকা অবশ্য এক ইঞ্চি ছাড়ও দেবে না। কিন্তু তাদের কাজটা কঠিন হবে, কারণ দেশের মাটিতে ভারত দুর্দান্ত এক দল।’ রিচার্ডসের মুখে এবি ডি ভিলিয়ার্সের উচ্ছ্বসিত প্রশংসা, ‘এবির মানের একজন খেলোয়াড়ের জন্য সব দলই আলাদা করে প্রস্তুতি নেয়। প্রতিটি বল খেলার জন্য একাধিক শট রয়েছে ওর। এ ছাড়া বলটাকে মাঠের যেকোনো জায়গায় পাঠাতে পারে সে। যেটি একজন বোলারেরই স্নায়ুর পরীক্ষা নিতে পারে। যেকোনো পরিস্থিতিতে ও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এসবই ওকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান করে তুলেছে।’ আইবিএন।