ভিভ রিচার্ডসের কীর্তি ছুঁলেন জেসন হোল্ডার। ব্যাটিং নয়, ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির বোলিং কীর্তি। পরশু ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন হোল্ডার। হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন স্যার ভিভ রিচার্ডস (২ বার) ও ডোয়াইন ব্রাভো। ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে ৪১ রানে ৬ উইকেট নিয়েছিলেন রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কদের সেরা বোলিং এটিই, সব দেশ মিলিয়ে যা দ্বিতীয় সেরা। অধিনায়ক হিসেবে সেরা বোলিং ওয়াকার ইউনিসের, ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। বাংলাদেশের কোনো অধিনায়ক ওয়ানডেতে ম্যাচে ৫ উইকেট পাননি। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের সেরা বোলিং এটিই।
