রিজওয়ান–ফাহিম না থাকলে কী হতো পাকিস্তানের

ফাহিম খেললেন ৯১ রানের পাকিস্তানের মান বাঁচানো ইনিংস।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস শেষে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এগিয়ে এলেন ফাহিম আশরাফের দিকে। হাত মেলালেন তাঁর সঙ্গে। পাকিস্তানি ক্রিকেটারদেরও উচিত ছিল ড্রেসিংরুম থেকে মাঠে এসে এ দুজনকে জড়িয়ে ধরা। কারণ, ফাহিম আর রিজওয়ানের ব্যাটেই যে বড় লজ্জা থেকে বেঁচেছেন তাঁরা। তবে শঙ্কা এখনো কাটেনি। মাউন্ট মঙ্গানুই টেস্টে তৃতীয় দিনে পাকিস্তান গুটিয়ে গেছে ২৩৯ রানে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৩১ রান তুলেছিল। ১৯২ রানে পিছিয়ে থেকে কাল চতুর্থ দিনে প্রচণ্ড চাপ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

দ্বিতীয় দিন শেষ পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩০। দিনের শেষ ভাগে ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল তারা। এর আগে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর রস টেলর, বিজে ওয়াটলিং ও হেনরি নিকোলসের ফিফটিতে বড় সংগ্রহ পায় কিউইরা। আজ তৃতীয় দিনের শুরুটা মোটামুটি ভালোই করেছিল পাকিস্তান। আবিদ আলীর সঙ্গে ছিলেন ‘নাইটওয়াচম্যান’ মোহাম্মদ আব্বাস। কিন্তু কিউই পেসারদের আক্রমণে একপর্যায়ে পথ হারায় পাকিস্তান। নাইটওয়াচম্যান আব্বাস নন, প্রথমে ফেরেন আবিদ আলী (২৫)। কাইল জেমিসনের বলে বোল্ড হন তিনি।

খুব দ্রুতই আবিদকে অনুসরণ করেন আব্বাস। তিনি ট্রেন্ট বোল্টের শিকার। এরপর পাকিস্তান পুরোপুরিই পথহারা! একে একে ফেরেন আজহার আলী, হারিস সোহেল ও ফাওয়াদ আলম। তিনজনের প্রথম দুজনকে ফেরান টিম সাউদি, তৃতীয় জনকে নিল ওয়াগনার। পাকিস্তান তখন ৬/৮০। নিউজিল্যান্ডের বোলাররা তখন হাত শানাচ্ছেন কত দ্রুত পাকিস্তানিদের শেষ ৫ উইকেট ফেলে দেওয়া যায়।

কিন্তু এখান থেকে সপ্তম উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান আর ফাহিম আশরাফ লড়াই শুরু করেন। ১৮০ বলে ১০৭ রানের জুটি গড়ে তোলেন তাঁরা। বাবর আজমের জায়গায় অধিনায়কত্ব করা রিজওয়ান ৭১ রান করেছেন ১৪২ বলে। ২০৫ মিনিট উইকেটে থেকে তিনি খেলেছেন অধিনায়কের মতোই। যোগ্য সঙ্গী ফাহিমের কপাল খারাপ। সেঞ্চুরির সুবাস পেয়ে শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখা পাননি। তিনি ফিরেছেন ৯১ রানে, ১৩৪ বল খেলে। বাউন্ডারি মেরেছেন ১৫টি, ছক্কা ১টি।

সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
ছবি: এএফপি

দলীয় ১৮৭ রানে রিজওয়ান ফেরেন রানআউটের দুর্ভাগ্যে। ফাহিমকে আউট করেন জেমিসন, উইকেটের পেছনে ওয়াটলিংয়ের ক্যাচ বানিয়ে। এই দুজন ফেরার পর দ্রুতই আউট হন শাহিন আফ্রিদি। তবে নবম উইকেটে ইয়াসির শাহ আর নাসিম শাহের মধ্যে ৩৯ রানের একটা জুটি গড়ে উঠেছিল। এরাই আসলে পাকিস্তানের সংগ্রহকে মোটামুটি ভদ্রোচিত রূপ দেন। নিউজিল্যান্ডের জেমিসন নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর নিল ওয়াগনরের।

এই টেস্টে আর দুই দিন পাকিস্তানকে জোর লড়াই করতে হবে। ১৯২ রানের ঘাটতি মেটানো সহজ কিছু নয়। তবে পাকিস্তানকে সব সময়ই স্বপ্ন দেখায় তাদের শক্তিশালী বোলিং। নিউজিল্যান্ডও যে এ দুদিন ছেড়ে কথা বলবে না, সেটা না বললেও চলছে।