রিজওয়ানেরও মনে হয়েছে বাংলাদেশ নয়, পাকিস্তানে খেলছেন

টি–টোয়েন্টি সিরিজে টুর্নামেন্টসেরা হয়েছে মোহাম্মদ রিজওয়ানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানদের রানের জন্য লড়াই দেখে কাটল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। পুরো সিরিজে ইনিংসে সর্বোচ্চ ১৩১ রান দেখা গেছে প্রথম ম্যাচে।

বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে পাকিস্তানের করা সে রানই সিরিজ সর্বোচ্চ হয়ে থাকল। এমন এক সিরিজেই সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

আরও পড়ুন

৩ ম্যাচে ৯০ রান করা রিজওয়ান যোগ্য হিসেবেই সেরা হলেন নাকি দুই ম্যাচে ৯১ রান করা ও স্ট্রাইকরেটে এগিয়ে থাকা ফখর জামানেরই সিরিজ সেরার পুরস্কার প্রাপ্য, সেটা আলোচনার জন্ম দিয়েছে। তবে একদিক থেকে দুজনের বেশ মতের মিল দেখা যাচ্ছে। ফখর জামানের মতোই রিজওয়ানেরও মনে হচ্ছে, পাকিস্তানেই খেলছেন তাঁরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ম্যাচসেরা ফখর জামান প্রথম বলেছিলেন এ কথা। প্রথম দুই ম্যাচে গ্যালারিতে উল্লাস ও পতাকার বাহার দেখে বেশ উৎসাহ পেয়েছেন ফখর জামানরা।

গ্যালারিতে পাকিস্তানের জার্সি গায়ে অনেকেই ম্যাচ দেখেছেন
ছবি: প্রথম আলো

দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে দেওয়া সাক্ষাৎকারে তাই বাংলাদেশের মাটিতে এমন সমর্থন পাওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকেরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

আজ সিরিজ সেরার পুরস্কার পাওয়া রিজওয়ানও শোনালেন তাঁদের আনন্দের কথা, ‘উইকেট একটু কঠিন ছিল। আর যেখানেই খেলেন না, আপনাকে বিভিন্ন ধরনের উইকেটে খেলতে হবেই। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা মেনেই এগিয়েছি। গত এক বছরে আমার ব্যাট ও কিপিংয়ে একটু ছন্দ পাওয়ার চেষ্টা করেছি। আমি সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, মনে হচ্ছিল আমরা পাকিস্তানেই খেলছি।’