রিডের পর মাহমুদউল্লাহ

খুলনা টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে কিপিং করেছেন বাংলাদেশের তিনজন। মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ার পর ইমরুল কায়েসই উইকেটের পেছনে ছিলেন বেশির ভাগ সময়। ইনিংসের শেষ দিকে মাহমুদউল্লাহ তাঁকে একটু বিশ্রাম দেন। কিছুক্ষণ কিপিং করেই মাহমুদউল্লাহর পাশে একটা স্টাম্পিংয়ের কৃতিত্বও লেখা হয়ে যায়। তা এই পুরোনো কাসুন্দি ঘাঁটা কেন? কারণ, ওই স্টাম্পিংটা মাহমুদউল্লাহকে এনে দিয়েছে ব্যতিক্রমী এক ‘ডাবল’। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে টেস্ট অভিষেকেই ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। মাহমুদউল্লাহ ছাড়া টেস্ট ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট ও স্টাম্পিংয়ের কীর্তি আছে আর মাত্র একজনেরই। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জন রিডের। ১৯৫৮ সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে রিডের স্টাম্পিংটিও ছিল আহত উইকেটকিপারের বদলি হিসেবে কিপিং করার সময়। ইনিংসে ৫ উইকেট (৬/৬০) পান এর প্রায় ছয় বছর পর।
* তথ্যসূত্র: ক্রিকইনফো