রিভার্স সুইংয়ের জন্য পেট খারাপ রুটের!

আজ দিনের শুরুতে মাঠে ছিলেন না জো রুট। ছিলেন না কাল বিকেলেও। জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ২৫ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান। ক্রিকইনফো লিখেছে, পেটের পীড়ায় কাল দ্রুত মাঠ ছাড়তে হয়েছে রুটকে। সতর্কতাবশত আগেভাগে একাই চলে গেছেন হোটেলে। আজ দলের সঙ্গে এলেও মাঠে নেমেছেন কিছুটা দেরিতে।
রুটের পেট খারাপ হলো কেন? এমনিতে নিরাপত্তাসংক্রান্ত কারণে ইংলিশ খেলোয়াড়দের খাওয়াদাওয়া টিম হোটেলের রেস্তোরাঁ ও স্টেডিয়ামে খেলোয়াড়দের ডাইনিংরুমেই সীমাবদ্ধ। দুই জায়গায় খাবারের মান এতটাই উন্নত, এমনটি হওয়ার সুযোগ নেই বললেই চলে।
ইংল্যান্ড দলের আরও কারও এই সমস্যা না হলেও রুট কেন পেটের সমস্যায় পড়লেন? কারণটা রিভার্স সুইং! রিভার্স করাতে বেন স্টোকসদের হাতে বল তুলে দেওয়ার আগে একদিকে বল চকচকে করার দায়িত্ব হাতেগোনা কয়েকজন ইংলিশ ফিল্ডারের থাকে। রুট তাঁর মধ্যে একজন। বলের একদিক চকচকে করতে বারবার আঙুল দিয়ে থুতু লাগাতে হয় রুটের। ধারণা করা হচ্ছে, এভাবেই জীবাণুর সংক্রমণ হয়েছে তাঁর পেটে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে মঈন আলীর বলে ইমরুল কায়েসের ক্যাচটা লুফে নিতে না পারায় এক ব্রিটিশ সাংবাদিক রুটকে নিয়ে একপ্রস্থ রসিকতাই করলেন, ‘পেট খারাপের জন্য মনে হয় তিনি ক্যাচটা ধরতে পারেননি!’
অবশ্য রুট এ নিয়ে আজ বেশ সতর্ক। বেশির ভাগ সময় রুমাল দিয়েই বল চকচকে করার কাজ চালাচ্ছেন তিনি।