রিভিউ, উইন্ডিজের রোমাঞ্চকর জয়

রিভিউ পদ্ধতিকে একটা বিরাট ধন্যবাদ দিতেই পারে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক বিপরীত কাজটি করতে পারে দক্ষিণ আফ্রিকা! কারও জন্য এ রিভিউ পৌষ মাস, কারও সর্বনাশ! ৪৭তম ওভারে ওয়েইন পারনেলের বলে যদি আন্দ্রে রাসেলের আউটটা হয়েই যেত তবে ম্যাচের চেহারাও হয়তো বদলে যেত! রিভিউ নিয়ে বেঁচে যাওয়া রাসেলই পোর্ট এলিজাবেথে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন ১ উইকেটে।
রাসেলের রিভিউ-কাহিনির পরও ম্যাচের লাগাম ভালোভাবেই ধরা ছিল প্রোটিয়াদের হাতে। তখন ওয়েস্ট ইন্ডিজের ১৮ বলে দরকার ২৪ রান। হাতে ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সমীকরণটা আরও কঠিন হয়ে গেল ৪৮তম ওভারের প্রথম বলেই ক্রেগ ব্রাফেট রানআউট হয়ে যাওয়ায়। অসম্ভব এক রান নিয়ে আন্দ্রে রাসেলকে স্ট্রাইক দিতে গিয়েই রানআউট ব্রাফেট। ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত রাসেল স্ট্রাইক পেলেন তৃতীয় বলেই। এরপর স্ট্রাইকে এসেই বিশাল ছক্কা। অ্যারন ফাঙ্গিসোর করা পরের বলটাও লংঅন দিয়ে উড়িয়ে মারলেন। ওভার শেষে সমীকরণটা নেমে এল ১২ বলে ৭ রানে। কাইল অ্যাবটের প্রথম বলে চার মারার পর তৃতীয় বলে ছক্কা মেরেই দলকে দুর্দান্ত এক জয় এনে দিলেন রাসেল। রাসেল অপরাজিত ৪০ বলে ৬৪ রান করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিতটা দিয়েছিলেন মারলন স্যামুয়েলস-ড্যারেন স্যামির ষষ্ঠ উইকেটে তোলা ৯৩ রানের জুটি। স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে ৬৮ ও স্যামির সংগ্রহ ৫১ রান।
এর আগে ডেভিড মিলারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬২ রান। ৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট পতনের পর উইকেটে আসেন মিলার। ঠিক খুনে মেজাজে না হলেও, পরিস্থিতির দাবি মেনে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে প্রোটিয়া ব্যাটসম্যান ফিরলেন অপরাজিত ১৩০ রান করে। মিলারের ১৩৩ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট।