ক্রিকেটের অনেকটা জুড়েই এখন প্রযুক্তি। কিন্তু সেই প্রযুক্তির সঠিক প্রয়োগ কি ঠিকভাবে করতে পারছে বাংলাদেশ? সম্ভবত না। চলতি অস্ট্রেলিয়া সিরিজের আগে সর্বশেষ তিনটি টেস্ট সিরিজের রিভিউর পরিসংখ্যানই বলছে সেটা। নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ পাঁচটি টেস্টে সব মিলিয়ে নেওয়া মোট ৩২টি রিভিউতে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত গেছে মাত্র ১০ বার। বাকি ২২টি ক্ষেত্রেই বাংলাদেশের নেওয়া রিভিউ ভুল প্রমাণিত হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনেও থাকল সেই ধারাবাহিকতা। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশের দুটি রিভিউই ভুল প্রমাণিত হয়েছে। প্যাট কামিন্সের বলে আম্পায়ার কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিলে প্রথমে রিভিউ নেন সাব্বির রহমান। ব্যাটের সঙ্গে পিচের সংঘর্ষের কারণেই হয়তোবা তিনি বুঝতে পারেননি বল তার ব্যাট ছুঁয়ে গেছে। কিন্তু টিভি রিপ্লেতে সেটি বোঝা গেছে পরিষ্কারই।
দ্বিতীয় রিভিউটা নিয়েছিলেন স্বয়ং অধিনায়ক মুশফিকুর রহিম। অ্যাস্টন অ্যাগারকে ডাউন দ্য উইকেটে গিয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে বল প্যাডে লাগান। আম্পায়ার এলবিডব্লু দিলে মুশফিক রিভিউর আবেদন করেন সঙ্গে সঙ্গে। টিভি রিপ্লে হতাশই করে অধিনায়ককে। টিভি দেখায় প্যাডে না লাগলে বল আঘাত করত তাঁর মিডল স্টাম্পে।
দুটি রিভিউতেই ব্যর্থ হওয়ার মাশুল দিতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। নাথান লায়নের বলটা তাঁর প্যাডে লেগে উঠলেও আম্পায়ার বোধ হয় ভেবেছিলেন গ্লাভসে লেগে উঠেছে। হ্যান্ডসকম্বের ক্যাচে আউটের আঙুল তুলে দিলেন তিনি। মিরাজ মাঠ ছাড়েন হতাশার হাসি হাসতে হাসতে। দিন শেষে সে হতাশা ছুঁয়ে গেল সাকিব আল হাসানকেও।
সংবাদ সম্মেলনে এসে সাকিব সরাসরি বললেন, ‘মিরাজেরটা আউট ছিল না। মিরাজের সময় রিভিউ থাকলে সেটা নেওয়া যেত। মিরাজ-নাসিরের জুটিটা ভালো হচ্ছিল। রিভিউ থাকলে ওরা আরও ভালো করতে পারত।’ আধুনিক ক্রিকেটে যে এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সাকিব ভবিষ্যতের জন্য মনে করিয়ে দিলেন সেটিও।