রিয়াদ দলের সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ

তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
একটা ছেলে ধরে খেলতে পারে, মেরেও খেলতে পারে। টপ অর্ডারে ব্যাটিং করতে পারে, মিডল অর্ডারে, লোয়ার-মিডল কিংবা লোয়ার অর্ডারেও পারে। স্পিন বোলিং করে উইকেট নেয়, রান আটকায়। বৃত্তের মধ্যে ফিল্ডিংয়ে ভালো, সীমানায় আরও ভালো। এমন একজন ক্রিকেটারকে কী বলা যায় বলুন? আমি বলব রিয়াদ (মাহমুদউল্লাহ) দলের সম্পদ। শুধু আমাদের দলে নয়, এমন একজন কার্যকরী ক্রিকেটারকে চাইবে সব দলই।
ক্রিকেটার রিয়াদকে নিয়ে বলার আগে একটু মাঠের বাইরের রিয়াদকে নিয়ে বলি। লাজুক হাসি, নিচু গলায় কথা বলা, সব মিলিয়ে রিয়াদের একটা শান্ত-শিষ্ট ভাবমূর্তি আছে। ড্রেসিংরুমের রিয়াদ আবার উল্টো! খুবই মজার ছেলে, ড্রেসিংরুম মাতিয়ে রাখে। হুট করেই চেঁচিয়ে ওঠে, লাফালাফি-নাচানাচি। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারালাম ২০১২ সালে, অনেকেরই হয়তো মনে আছে, সবাই গ্যাংনাম নেচেছিলাম মাঠে। সবচেয়ে ভালো নেচেছিল রিয়াদ। এমনিতেও খুব ভালো নাচে ও। আরেকটা প্রতিভা আছে ওর। গান খুব ভালো আয়ত্ত করতে পারে। বিশেষ করে রিমিক্স গান, কঠিন র্যাপ বা হিপহপ এত দ্রুত আয়ত্ত করে নিখুঁতভাবে গায়, আমরা অবাক হয়ে যাই!
সব সময় অবশ্য এক রকম যায় না। জিম্বাবুয়ে সিরিজের আগে কিছুদিন ড্রেসিংরুমেও রিয়াদ একটু মনমরা থাকত। আসলে ফর্মে না থাকলে কিছুই ভালো লাগে না। রিয়াদের খারাপ সময়টা একটু বেশিই লম্বা হয়েছিল। তবে আমি নির্বাচক, অধিনায়ক, টিম ম্যানেজমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাব যে তার পরও ওর ওপর আস্থা রাখা হয়েছে। কারণ চাইলেই বাদ দেওয়া যায়, কিন্তু রিয়াদের মতো একজন ক্রিকেটার তৈরি করতে সময় লাগে। আর রিয়াদের মতো ক্রিকেটাররা নিজের কাজ ঠিকঠাক করে গেলেও হয়তো খুব আলোয় আসবে না। খারাপ সময়ে আবার খুব সহজেই তাদের দিকে আঙুল তোলা যায়। এ জন্যই খারাপ সময়ে টিম ম্যানেজমেন্টের সমর্থনটা জরুরি। জিম্বাবুয়ে সিরিজে রিয়াদ ফর্মে ফিরেছে, বিশ্বকাপের আগে এটা দলের জন্য বড় একটা প্রাপ্তি। অভিজ্ঞতা কোনোভাবেই কিনতে পাওয়া যায় না। আর বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প নেই। আর রিয়াদের একটি বড় গুণ হলো, যেকোনো সময়, দলের যেকোনো পরিস্থিতিতে নামলে ওকে বলে দিতে হয় না কীভাবে ব্যাটিং করতে হবে। অনেককেই বলে দিতে হয়। ওকে বলতে হয় না, নিজে থেকেই জানে কীভাবে খেলতে হবে।
এটা শিখেছে কিন্তু নিজের ক্যারিয়ার থেকেই। এত সব পজিশনে এবং এমন সব পরিস্থিতিতে ওকে ব্যাটিং করতে হয়েছে, সব পরিস্থিতির দাবি মেটাতে শিখে গেছে ও। ক্যারিয়ারের শুরু থেকেই দেখছি ওকে। সে সময় একটু ব্যাটিং, একটু বোলিং করতে পারত। এখন অনেক অনেক উন্নতি করেছে। সবচেয়ে বেশি উন্নতি করেছে মানসিকতায়। শুরুর দিকে চট করেই মাথা গরম করে ফেলত, ব্যাটিং-বোলিং দুটোতেই। আবেগ ধরে রাখত পারত না। সেসব দিনকে অনেক পেছনে ফেলে এসে রিয়াদ এখন অনেক পরিণত। যখন রান পাচ্ছিল না, শুরুর দিকে একটু অস্থির হয়ে উঠেছিল। দ্রুত ফর্মে ফিরতে চাইল। পরে খুব ভালো সামলেছে। নিজেই বুঝতে পেরেছে এসব ক্ষেত্রে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত। সব সময় সবকিছু নিজের হাতে থাকে না—সেটা মেনে নিয়ে অনুশীলনে পরিশ্রম করেছে। ঠিকই ফল পেয়েছে।
রিয়াদের ক্যারিয়ার পরিসংখ্যানের দিকে তাকালে দারুণ কিছু মনে হবে না। কিন্তু পরিসংখ্যানে তো লেখা নেই, দলের চাওয়ার কাছে নিজের চাওয়া-পাওয়াকে হাসিমুখে বিসর্জন দিয়েছে ও! টপ অর্ডার ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে বেশির ভাগ সময় খেলে গেছে সাত-আটে। যখন, যেভাবে, যেখানে খেলতে বলা হয়েছে, রাজি হয়ে গেছে। একজন রিয়াদ ছিল বলে একাদশ ব্যালান্সড হয়েছে বাংলাদেশের।
অবশেষে জিম্বাবুয়ে সিরিজে চারে খেলার সুযোগ পেয়েছে। আমার ধারণা, সুযোগটি ও দারুণভাবে লুফে নিয়েছে। বিশ্বকাপেও হয়তো চারেই খেলব। আমি চাই আগে ব্যাটিং করুক বা পরে, রিয়াদ যেন শেষ পর্যন্ত থাকে উইকেটে। বোলিংয়ে নিজের সীমাবদ্ধতা জানে বলে ভালো করবেই। অনেকেই খেয়াল করেন না, ফিল্ডিংয়েও রিয়াদ নির্ভরযোগ্য। ক্যাচ ফসকায় খুব কম।
রিয়াদের মতো ক্রিকেটাররা কখনোই প্রচারের আলোয় আসতে উদগ্রীব থাকে না। এসব ওদের ভাবায়ও না। তবে কে জানে, বিশ্বকাপে হয়তো এত আলো ছড়াবে যে রিয়াদের আলোতেই আলোকিত হবে দল!