রিয়াজের সঙ্গে কেন সবার 'লড়াই'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে এমন আগ্রাসী রূপেই আবির্ভূত হন রিয়াজ। ছবি: রয়টার্স
মাঠে এমন আগ্রাসী রূপেই আবির্ভূত হন রিয়াজ। ছবি: রয়টার্স

ক্রিকেট যেন ক্রমেই ‘ব্যাটসম্যান-বান্ধব’ হয়ে পড়ছে! ক্রিকেটের নিত্য-নতুন সব পরিবর্তন ব্যাটসম্যানদের সুবিধার জন্যই। তাতে দিনে দিনে কোণঠাসা হয়ে পড়ছে ফাস্ট বোলাররা! গতিসমৃদ্ধ বোলাররা যেন বিলুপ্ত প্রায় এক প্রজাতি। ওয়াহাব রিয়াজ উজ্জ্বল ব্যতিক্রম। বোলিংয়ে যেমন, শরীরী ভাষাতেও একই রকম আগ্রাসী পাকিস্তানি ফাস্ট বোলার। কিন্তু এতে যেটা হচ্ছে—নিয়মিতই লেগে যাচ্ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সঙ্গে। 

সর্বশেষ লাগল গত রোববার দুবাই টেস্টের চতুর্থ দিনের বিকেলে। ইংলিশ ব্যাটসম্যান জো রুট আম্পায়ারদের কাছে অভিযোগ করলেন, বলে এমনভাবে লাথি মেরেছেন রিয়াজ, যাতে বল মাঠে গড়িয়ে যায়। তাতে সমস্যা কী? রুটের ইঙ্গিত ছিল বল টেম্পারিংয়ের দিকে। পানি পানের বিরতির সময় রুটের সঙ্গে তুমুল তর্কবিতর্ক হলো রিয়াজের। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে, রিয়াজ বুটের ডগা দিয়ে বলটা তুলতে চেয়েছিলেন। যেটির কারণ হাতের তালু ঘেমে যাওয়া।
দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে দেখা করেছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। কী কথা হয়েছে, সেটি জানা যায়নি। তবে ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস ব্যাপারটাকে হালকা করে দেখাতে চাইলেন, ‘তাঁকে (রুটকে) যতই শান্ত-সুবোধ বলে মনে হোক, ওর মধ্যে আগুন আছে। এ কারণেই সে কঠিন পরিস্থিতিতে রান করতে পেরেছে।’ এর পরই সরস এক মন্তব্য করেছেন তিনি, ‘রিয়াজ তাঁর এই ফুটবল দক্ষতা নিয়ে নিশ্চয়ই চেলসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে না। আম্পায়াররা বিষয়টা দেখেছে, এটা ওখানেই শেষ।’
পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম অবশ্য পুরো ব্যাপারটা সম্পর্কে অজ্ঞতাই জানালেন, ‘আমি এ ধরনের প্রতিবেদন বা ঘটনা সম্পর্কে জানি না। তা ছাড়া এ ব্যাপারে রিয়াজকে ম্যাচ রেফারি ডেকে পাঠাননি।’
নিশ্চয়ই মনে আছে, গত এপ্রিলে খুলনা টেস্টের শেষ দিনে সাকিব আল হাসানের সঙ্গেও এক চোট লেগেছিল রিয়াজের। এরও আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানি ফাস্ট বোলারের সেই স্পেলের কথাও মনে পড়বে। অ্যাডিলেডে সেদিন রিয়াজের একেকটি আগুনে গোলা যেন ছিল মৃত্যুবাণ। গতিদানবের চির-উদ্ধত রূপ ভরে করেছিল এ পাকিস্তানি বোলারের মধ্যে। স্ট্রাইকিং প্রান্তে কোণঠাসা ব্যাটসম্যান শেন ওয়াটসন! মনে রাখার মতোই এক সম্মুখসমর!
বিশ্বকাপের ওই অবিস্মরণীয় সময়টাকে আরও রাঙিয়ে দিয়েছিল রিয়াজের অঙ্গভঙ্গি। ব্যাটিংয়ের সময় তাঁকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওয়াটসন-স্টার্ক। এরই জবাবে একেকটি মৃত্যুবাণ ছুড়ে দিয়ে অসহায় ওয়াটসনকে লক্ষ্য করে রিয়াজ হাততালি দিচ্ছিলেন। এর শাস্তি হিসেবে রিয়াজকে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছিল আইসিসি। যেটি আবার একদমই পছন্দ হয়নি সেই ম্যাচে মাঠে উপস্থিত ব্রায়ান লারার। আইসিসির সমালোচনা করে রিয়াজের জরিমানা নিজেই দিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন সাবেক ক্যারিবীয় গ্রেট। সূত্র: এনডিটিভি ও দ্য ডন।