রিয়াজের স্পেলে মুগ্ধ টেন্ডুলকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ শেষ দুই সপ্তাহ হতে চলল। ম্যাচটা জিতে সেমিফাইনাল-ফাইনাল খেলে পরে বিশ্ব চ্যাম্পিয়নও হয়ে গেছে অস্ট্রেলিয়া। বিশ্বজয়ের উদ্যাপনও প্রায় শেষ হতে চলল। বাড়ি ফিরে গিয়ে পাকিস্তান দলে হয়ে গেছে রদবদল। ওয়ানডে অধিনায়ক হয়েছেন আজহার আলী। আরও কত কত ঘটনার ঘনঘটা। কিন্তু ওয়াহাব রিয়াজের সেই স্পেলে মুগ্ধতার আবেশ যেন কাটছে না এখনো। মুগ্ধতার মিছিলে নতুন নামটি বিশ্ব ক্রিকেটেরই সবচেয়ে বড় নাম, শচীন টেন্ডুলকার!
ক্রিকেট ছাড়লেও এই বিশ্বকাপে ভালোভাবেই ছিলেন টেন্ডুলকার। আইসিসি দূত হিসেবে দেখেছেন অনেক ম্যাচ, ঘুরে বেড়িয়েছেন মাঠ থেকে মাঠে, অংশ নিয়েছেন অনেক ক্রিকেট অনুষ্ঠানেও। ফাইনালে তো পুরস্কার বিতরণী মঞ্চেও ছিলেন। লম্বা এই টুর্নামেন্টে পেছন ফিরে তাকিয়ে ভারতীয় কিংবদন্তির সবার আগে চোখে ভাসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে রিয়াজের সেই স্পেল, ‘সবকিছুর আগে আলাদা করে বলতে হবে ওয়াহাব রিয়াজের ওই স্পেলের কথা। খুব বেশি উইকেট সে পায়নি ওই স্পেলে, কিন্তু কী অসাধারণ বোলিংই না করেছিল! আমার মতে, ওটিই টুর্নামেন্টের সেরা স্পেল। এ ধরনের পারফরম্যান্সই শেষ পর্যন্ত স্মৃতিতে থেকে যায়।’
তবে বিশ্বকাপ দূত হয়ে শুধু একজনের কথা বললে তো আর চলে না! টেন্ডুলকার বলেছেন আরও অনেকের পারফরম্যান্সের কথাও, ‘মার্টিন গাপটিল (২৩৭), ক্রিস গেইল (২১৫), ট্রেন্ট বোল্ট (৫/২৭), টিম সাউদি (৭/৩৩), এবি ডি ভিলিয়ার্স (৬৬ বলে ১৬২*), মিচেল স্টার্ক (৬/২৮, টুর্নামেন্টে ২২ উইকেট), কুমার সাঙ্গাকারা (টানা চার সেঞ্চুরি)...সবই ছিল অসাধারণ পারফরম্যান্স। আমরা সবাই উপভোগ করেছি। ১৫-২০ বছর পরও সবাই এই ইনিংস ও এই স্পেলগুলোর কথা বলবে।’ আইসিসি ওয়েবসাইট।