রিয়াল-গুঞ্জনে নেইমারই বিরক্ত

রাজার মতোই দেখাচ্ছিল তাঁকে। পরনে যেন রাজপোশাক। কেবল মুকুট ছিল না। তবে হাতের দুটি ট্রফি বলে দিচ্ছিল, নেইমার যে এখন ফ্রান্সের রাজা! কাল ফ্রান্সের লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়েছেন। পিএসজির হয়ে প্রথম মৌসুমেই সেরা! কিন্তু নেইমারকে যে ডাকছে রিয়াল মাদ্রিদ। রাজাদের আসল ঠিকানা!
নেইমার রিয়াল মাদ্রিদে যাবেন কি না—এ গুঞ্জন বহুদিনের। সত্যি কথা বলতে কি, ব্রাজিলীয় তারকা যখন দলবদলের রেকর্ড গড়ে গত বছরের আগস্টে বার্সেলোনা থেকে পিএসজিতে এলেন, তখন থেকেই চলছে। এ নিয়ে নেইমার এত দিন সরাসরি জোর গলায় কিছু বলেনওনি। এবার মুখ খুলেই জানিয়ে দিলেন, এসব গুঞ্জন তিনি বিরক্ত।
সরাসরি কোনো ক্লাবের নাম বলেননি। তবে নেইমার বুঝিয়ে দিয়েছেন, ‘প্রতিবার দলবদলের সময় এসব নিয়ে কথা হয়। আমি এটা নিয়ে এখন একটি কথাও বলব না। সবাই জানে আমি প্যারিসে কী করতে এসেছি। এখানে আমার লক্ষ্যগুলো কী।’ প্যারিসে আসার পর বড় স্বপ্নের কথাই শুনিয়েছিলেন। জিততে চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ। কিন্তু কাগজে-কলমে অনেক শক্তিধর দল নিয়েও তো পিএসজি পারল না। মুখে না বললেও ব্যালন ডি’অরের প্রতি নেইমারের আগ্রহের কথা সবাই জানে। সেটি জিততে প্রয়োজন চ্যাম্পিয়নস লিগের মতো বড় ট্রফি জেতা।
অবশ্য আরও বড় ট্রফি অপেক্ষা করছে নেইমারের জন্য। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সবাই ফেবারিট বলছে। নেইমারও বললেন, ‘দলবদল নিয়ে কথা বলার সময় এটা নয়। আমার সম্পূর্ণ মনোযোগ এখন বিশ্বকাপ ঘিরে। দলবদল নিয়ে কথা বলা নয়। আমার পুরোটা জীবন, প্রতিটা দলবদলের সময় এসব নিয়ে শুনে এসেছি। দলবদল নিয়ে শুনে শুনে আমি ক্লান্ত।’
পিএসজির হয়ে প্রথম মৌসুমেই ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন নেইমার। গত শনিবারই পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছেন, ব্রাজিলীয় তারকা পিএসজিতে থাকছেন—এটা ২০০০ শতাংশ সত্যি!