
বেন স্টোকস দেখেশুনে অফ স্পিনার মার্ক ক্রেগের বলটা ছেড়ে দিলেন। এবং ব্যাট উঁচিয়ে দেখলেন অফ স্টাম্পের বেল উড়ে যাচ্ছে।
হ্যাঁ, কাল লর্ডসে ৯২ রানের অসাধারণ এক ইনিংস খেলে বোকা বনে আউট হলেন স্টোক। লর্ডস টেস্টের প্রথম দিনের সকালে এই বাঁহাতি যখন ক্রিজে এলেন, ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড পেসারদের দাপটে অসহায় ইংলিশ ব্যাটসম্যানরা যেন বিশ্বকাপের ভূত দেখছিলেন। জো রুটকে সঙ্গী করে স্ট্রোক প্লের দুর্দান্ত প্রদর্শনীতেই স্টোকস ভূত তাড়ালেন। স্টোকস বোল্ড হওয়ার আগে মাত্র ৩২ ওভারেই স্টোক-রুটের পঞ্চম উইকেটে এল ১৬১ রান। এই পাল্টা আক্রমণেই ৫ উইকেটে ২১৯ রান তুলে চা-বিরতিতে
গেছে ইংল্যান্ড। স্টোকসের মতোই নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন রুট (৯৮)।
চা-বিরতির পর আবার বোল্ট-সাউদিদের হতাশ করে গেছেন জশ বাটলার ও মঈন আলী। দুজন মিলে সপ্তম উইকেটে তুলেছেন ১০৩ রান। শেষ সেশনটা পারই করে ফেলেছিলেন প্রায়। কিন্তু দিনের শেষ বলে বোল্টের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন বাটলার (৬৭)।
তার আগে পেতে পেতেও প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেলেন না স্টোকস। তবে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৯২ রান করেছেন মাত্র ৯৪ বলে। ম্যাট হেনরির এক ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৫ রান নিয়ে কিউই ফাস্ট বোলারকে মুদ্রার উল্টো পিঠও দেখিয়েছেন দেশের মাটিতে টেস্টে এই প্রথম রানের দেখা পাওয়া স্টোকস।
এর আগে টেস্ট অভিষেকেই ২ উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী হেনরি। একটি ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে বাউন্সারে ক্যাচ বানিয়ে ও অন্যটি অসাধারণ এক বলে ইয়ান বেলের অফ স্টাম্পের বেল উড়িয়ে। পরে রুটের উইকেটটাও নিয়েছেন হেনরি। ইংল্যান্ডের দুর্দশার শুরু অ্যাডাম লিথের আউটে। টেস্টে মুখোমুখি হওয়া প্রথম বলেই যদিও রান নিয়েছেন লিথ, কিন্তু ৭ রান করেই টিম সাউদির বলে ক্যাচ দিয়ে গেছেন উইকেটকিপারকে। এরপর বোল্ট ব্যালান্সকে ক্যাচ দিতে বাধ্য করেন তৃতীয় স্লিপে। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।