রুটই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো রুট
জো রুট

অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব-ভাগ্যের সঙ্গে জো রুটের যেন অদ্ভুত এক যোগসূত্র আছে! ২০১২ সালে পাকাপাকিভাবে কুক টেস্ট দলের অধিনায়কত্ব পান। সে বছরই ইংল্যান্ড দলে অভিষেক হয় রুটের। ৬ ফেব্রুয়ারি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুক। এবার কুকের ছেড়ে দেওয়া নেতৃত্বভার উঠল তাঁর কাঁধে। কুকের উত্তরসূরি হিসেবে রুটের নাম কালই ঘোষণা করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অভিষেকের তৃতীয় বছরেই কুকের সহকারীর পদ পেয়ে যান রুট। এ সময় ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে রুটের বিকল্প খুব বেশি নেই। কুকের শূন্যতা পূরণ করার প্রস্তাব তাই রুটকেই দেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। দেশটির সাবেক অধিনায়ক অবশ্য এর আগে দলের সিনিয়র ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও জস বাটলারের সঙ্গে কথা বলে নেন। গত ডিসেম্বরে ২৬ বছরে পা রেখেছেন রুট। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের ক্ষেত্রে বয়সটা একটু কমই। ইয়র্কশায়ারে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করা ছাড়া তাঁর নেতৃত্বের অভিজ্ঞতাও তেমন নেই।
তবে রুটকে অধিনায়ক করা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। এরপরও সংবাদ সম্মেলনে তাঁকে নেতৃত্বভার দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্ট্রাউস, ‘টেস্ট ক্যারিয়ারে জো’র বেশ কিছু বৈশিষ্ট্য আছে। ২০১২ সালে অভিষেক হওয়ার পর অল্প সময়ের মধ্যে সব ফরম্যাটেই নিজেকে শীর্ষ ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে।’ ৫৩টি টেস্ট খেলে ৫২.৮০ গড়ে ৪ হাজার ৫৯৪ রান আইসিসি র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা রুটের।
নেতৃত্ব পেয়ে দারুণ খুশি রুট। এবার অধিনায়ক হিসেবে দলকে কিছু দিতে চান এই মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব পাওয়াটা দারুণ সম্মানের। খুব রোমাঞ্চিত আমি।’ আগামী ৬ জুলাই লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হবে অধিনায়ক রুটের। মেইল অনলাইন, ক্রিকইনফো।