রুটকে মঈনের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি উইকেট! মঈন আলীর অফ স্পিনেই ধসে পড়েছে দক্ষিণ আফ্রিকা l এএফপি
আরেকটি উইকেট! মঈন আলীর অফ স্পিনেই ধসে পড়েছে দক্ষিণ আফ্রিকা l এএফপি

এই টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং-বোলিংয়ে দুটি মাইলফলক ছুঁয়েছেন। ব্যাটিংয়ে দুই হাজার রান। বোলিংয়ে ১০০ উইকেট। এমনিতেই এই টেস্টটা মনে রাখতেন মঈন আলী। এখন তো আরও বেশি মনে রাখবেন। তাঁর অফ স্পিনেই যে ধসে পড়ল দক্ষিণ আফ্রিকা। ৩৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৯ রানেই শেষ। ২১১ রানের জয় ইংল্যান্ডের।

লর্ডসের উইকেট এমনিতে খুব একটা স্পিনবান্ধব হিসেবে পরিচিত নয়। কিন্তু কাল চতুর্থ দিনেই সেই উইকেটে বল বনবন করে ঘুরল। স্পিনের বিপক্ষে বরাবরই একটু নড়বড়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের সেটি সামলানোর সাধ্য ছিল না। তারপরও মাত্র ৩৬.৪ ওভারেই শেষ হয়ে যাওয়াটাকে নিদারুণ ব্যর্থতাই বলতে হবে। ১৯১০ সালের পর এটাই দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ততম চতুর্থ ইনিংস।

সকালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়ই উইকেট বুঝিয়ে দিয়েছিল তার চরিত্র। ১ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৩৩ রানে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ নিয়েছেন ৪ উইকেট। তখনই বোঝা গিয়েছিল, লর্ডসে চতুর্থ ইনিংসে তিন শর বেশি রান করে জেতার দ্বিতীয় কীর্তি গড়ার চ্যালেঞ্জ আর জয় করা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার।

ইনিংসের সপ্তম ওভারে কুনকে আউট করে শুরুটা করেছিলেন জেমস অ্যান্ডারসন। স্কোরবোর্ডে তখন ১২ রান। আর কোনো রান যোগ হওয়ার আগেই এলগারকে কট অ্যান্ড বোল্ড করে মঈনের ধ্বংসযজ্ঞ শুরু। দেখতে না দেখতেই স্কোর ৪ উইকেটে ২৮। এরপর ডি কক ও বাভুমার ৩৬ রানের জুটিটিই দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় প্রতিরোধের গল্প। নিজের পরপর দুই ওভারে ৩ রানের মধ্যে দুজনকেই বোল্ড করেছেন মঈন। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হতে আর বেশি সময় লাগেনি। ৫৩ রানে ৬ উইকেট মঈনের ক্যারিয়ার-সেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট, প্রথম ইনিংসে করেছেন ফিফটি। ১৯৮০ সালে ইয়ান বোথামের পর ইংল্যান্ডের পক্ষে প্রথম এই কীর্তি।

এই টেস্টেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে জো রুটের। নিজে খেলেছেন ১৯০ রানের এক ইনিংস। সেটির সঙ্গে যোগ হলো জয়ও। যেটিকে বলতে পারেন রুটকে মঈন আলীর উপহার!