রুটের নেতৃত্বে খেলতে সমস্যা নেই কুকের
এটা ক্রিকেটে সব সময়ই হয়। দীর্ঘদিনের একজন অধিনায়ককে সরিয়ে যখন অন্য একজনকে নেতৃত্ব দেওয়া হয়, নতুন অধিনায়কের সঙ্গে পুরোনো অধিনায়কের সম্পর্কটা কেমন হবে, তা নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। অ্যালিস্টার কুকের ক্ষেত্রেও তা-ই হচ্ছে। ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুটের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, এটি পরিণত হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমের আলোচনার বিষয়। কুক অবশ্য সবকিছুকেই শুধু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। রুটের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে বলে মনে করেন ইংলিশ এই ব্যাটসম্যান।
২০১২ সালে ইংল্যান্ডের অধিনায়কত্ব পাওয়ার পর দেশকে রেকর্ড ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন কুক। দেশের মাটিতে ২০১৩ ও ২০১৫ সালে অ্যাশেজ জিতেছেন। সিরিজ জিতেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। তবে সর্বশেষ ভারত সফরে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ১৪০ টেস্টে ১১০৫৭ রানের মালিক। তাঁর উত্তরসূরি মনোনীত হন এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট।
এত দিন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। এখন তিনি থাকবেন শুধুই একজন ব্যাটসম্যান হিসেবে। এটার সঙ্গে মানিয়ে নেওয়া কতটা কষ্টকর? স্কাই স্পোর্টসের সঙ্গে আগেই একটা সাক্ষাৎকারে কুক বলেছিলেন, নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর। সিদ্ধান্তটা কঠিন ছিল, তবে ওটাই সঠিক সিদ্ধান্ত।
পরশু কথা বললেন রুটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জনের প্রসঙ্গেও, ‘ওটা নিয়ে অনেক গল্প হচ্ছে, হবে। গল্পের বিষয় হিসেবে এটা খুব ভালো। তবে আমার মনে হয়, আমাদের দুজনের সম্পর্ক খুবই চমৎকার ছিল, থাকবে।’ রয়টার্স।