রুটের পাঁচে পাঁচ, চব্বিশেও পাঁচ!

অ্যাশেজ সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। সিডনিতে অন্তত শেষ টেস্টটা জিততে চান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। সে লক্ষ্যে আজ প্রথম দিনে ব্যাট হাতে নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে। কিন্তু আবারও ‘যে লাউ সেই কদু’, মানে তিন অঙ্কের সুবাস পেতে পেতে রুট ফিরলেন ড্রেসিংরুমে!
ইংলিশ অধিনায়কের জন্য ২০১৬ সাল থেকেই ব্যাপারটি বেশ পরিচিত দৃশ্য। এ সময়ে টেস্টে ২৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন রুট। এর মধ্যে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন মাত্র পাঁচটি ইনিংস! অথচ রুটকে ক্রিকেট দুনিয়া যে দুজন ব্যাটসম্যানের সঙ্গে তুলনা করে থাকে, তাঁদের পরিসংখ্যান দেখুন—বিরাট কোহলি মোট ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে ৯টি পরিণত করেছেন সেঞ্চুরিতে। স্টিভেন স্মিথ এক কাঠি সরেস। এ সময় তাঁর মোট ১৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ১০টিই সেঞ্চুরি!
রুটের তাই আত্মশ্লাঘায় ভোগাই স্বাভাবিক। তবে একটি কাকতালীয় ব্যাপার ঘটিয়ে মনে মনে পুলকিতও হতে পারেন। এ নিয়ে টানা পাঁচ পঞ্জিকাবর্ষে প্রথম টেস্ট ইনিংসে ফিফটির দেখা পেলেন রুট! কিন্তু সিডনিতে আজ অন্তত সেঞ্চুরি পর্যন্ত যেতে পারলে তাঁর দল ভালো অবস্থানে থাকত। কারণ, সেটা হলে যে আজ অপরাজিত থেকেই দিন শেষ করতে পারতেন ইংলিশ অধিনায়ক। মিচেল স্টার্কের বলে তিনি যখন আউট হন, দিনের খেলা বাকি মাত্র এক ওভার!
শেষ ওভারের চতুর্থ বলে জনি বেয়ারস্টোকেও তুলে নিয়ে দিনটা অস্ট্রেলিয়ার বানিয়ে দেন জস হ্যাজেলউড। ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। উইকেটে রয়েছেন ডেভিড মালান (৫৫*)। অপর প্রান্তে কেউ ব্যাটিংয়ে নামেননি। রুট যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, ইংল্যান্ডের স্কোর তখন ২ উইকেটে ৮৮। দলকে ৯৫ রানে রেখে ফিরে গেছেন অ্যালিস্টার কুক (৩৯ রানে)। টানা ১৫০তম টেস্ট খেলতে নামা কুককে এখন হাতছানি দিয়ে ডাকছে অ্যালেন বোর্ডারের গড়া টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ড।
সিডনিতে প্রথম দিনে দলগত চেষ্টায় অন্তত ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজের একটি স্মৃতি ফিরিয়ে এনেছে ইংলিশরা। এমসিজিতে সর্বশেষ ২০১৩ সালে টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ২০+ রান করেছিলেন। চার বছর পর সিডনিতে রুটের দল আবারও সেটা করে দেখাতে পেরেছে।