রুটের সামনে অসহায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর রুট l এএফপি
ডাবল সেঞ্চুরির পর রুট l এএফপি

চা-বিরতির ঠিক একটু আগেই ‘স্বপ্ন’ পূরণ হলো শান মাসুদের। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেলেন পাকিস্তানি ওপেনার। খানিকটা দৌড়ে চলে এলেন বল করতে। প্রথম বলেই অঘটন! বল ছাড়ার আগমুহূর্তে পা দিয়ে ভেঙে দিলেন স্টাম্প; নো-বল! তাতেই যেন স্বস্তি মিলল কিছুটা, নিস্তরঙ্গ দ্বিতীয় দিনে অবশেষে কিছু হলো। এর আগে-পরে তো শুধু ‘জো রুট প্রদর্শনী’ই চলেছে ওল্ড ট্রাফোর্ডে।
পাকিস্তানের বোলাররা যেন তাঁদের সবকিছুই দিয়ে এসেছেন লর্ডস টেস্টে। রুট তখনো ডাবল সেঞ্চুরি করেননি, অথচ দ্য গার্ডিয়ান-এর ধারাভাষ্যে চলছিল তুমুল বিতর্ক—রুট কি ২২৯ রান করতে পারবেন? টেস্টে ১ থেকে ২৩০-এর ঘরে একমাত্র ‘২২৯’ রানই কেউ কখনো করেননি। পাকিস্তানি বোলারদের ওপর আস্থা রাখতে না পেরে রুটকে ‘রেকর্ড’টা করার উপায়ও বাতলে দিলেন একজন, ২২৯ রান করে একই বলে দুবার ব্যাট ছুঁয়ে আউট হতে হবে।
কাল রুট যেমন ব্যাটিং করছিলেন তাতে অবশ্য অন্য কোনো উপায়ও দেখা যাচ্ছিল না। আউট হওয়ার আগে মনেই হয়নি কাল তিনি আউট হতে পারেন। ক্রিস ওকস, বেন স্টোকস ও জনি বেয়ারস্টোকে নিয়ে পাকিস্তানের বোলারদের ওপর রীতিমতো অত্যাচারই চালালেন রুট।
রুট যদি ২২৯ রানে আউট হয়ে ‘রেকর্ড’ গড়তে চাইতেন, পাকিস্তান তাতে মোটেও আপত্তি করত না। কিন্তু রুটের এমন কোনো ইচ্ছে জাগল না। ২২৮ রানে থাকার সময় আজহার আলীকে টানা তিন চার মেরে পৌঁছে গেলেন ২৪০-এ। একটু পরেই ইয়াসির শাহকে কভারে ঠেলে দিয়ে ক্যারিয়ারে প্রথম আড়াই শও করে ফেললেন। এমন উপলক্ষে খানিকটা আড়ালেই পড়ে গেল ইয়াসিরের ‘অর্জন’টুকু। এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে ২০০ রান দিলেন কোনো বোলার!
ওয়াহাব রিয়াজের বলে আউট হওয়ার আগে ২৫৪ রান করেছেন রুট, ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। একটু পর ৮ উইকেটে ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমেও দুরবস্থা কাটেনি পাকিস্তানের। ওকসের বোলিং তোপের মুখে দিন শেষ হওয়ার আগে ৫৭ রান তুলতেই ৪ উইকেটে হারিয়ে ফেলেছে সফরকারীরা। স্টার স্পোর্টস।