রুবেলের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপির মামলা থেকে রেহাই পেতে যাচ্ছেন রুবেল হোসেন। মামলার তদন্তে ‘অভিযোগের প্রমাণ না মেলা’র কথা জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমারকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ারও আবেদন করা হয়েছে পুলিশের এই প্রতিবেদনে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক হালিমা খাতুন আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
গত ডিসেম্বরে মিরপুর থানায় নারী নির্যাতন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মডেল ও অভিনেত্রী হ্যাপি। রুবেল অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। মামলার কারণে বিশ্বকাপের আগে তিন দিন জেলও খেটেছেন তিনি।
বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য; বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের বোলিংয়ে বাংলাদেশ অসাধারণ জয় পাওয়ার পরপরই এই মামলা চালিয়ে যেতে অনীহা প্রকাশ করেছিলেন হ্যাপি।