রুবেলের ভুতুড়ে চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভালের সেমিফাইনাল শেষে টিম মিটিং হলো। সবাই একসঙ্গে হোটেলে ফিরলেন। এরপর দুবাই হয়ে দেশে। ১৫ থেকে ১৭ জুন সকাল পর্যন্ত পুরো সময়টায় বাংলাদেশ দলের কেউ তাঁর মুখে কোনো চোট দেখেননি। অথচ ভুতুড়ে এক চোটের জন্যই কিনা এখন অস্ত্রোপচার করতে হচ্ছে রুবেল হোসেনকে!

কাল করানো সিটি স্ক্যান রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে এবং সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো।’ রুবেলের এই চোট বাঁ চোখ আর কানের মাঝখানে। কিন্তু কীভাবে পেলেন চোটটা? দেবাশিস চৌধুরীর উত্তর, ‘এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। ও বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি ব্যথা পেয়েছে।’

পেসার রুবেলও কাল রাতে মুঠোফোনে একই দাবি করলেন, ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি।’

বিসিবির চিকিৎসকদের পরামর্শে ঢাকায় দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন রুবেল। দুজনই দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচার কোথায় হবে, এখন সেই সিদ্ধান্ত নেবে বিসিবি।