রুবেলের হাতে 'বাটারফ্লাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল হোসেনের সঙ্গে কী এক রসিকতায় মেতে উঠলেন তাসকিন আহমেদ। কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের দুই ফাস্ট বোলারই আছেন ফুরফুরে মেজাজে। কাল বিসিবি একাডেমি ভবনে l শামসুল হক
রুবেল হোসেনের সঙ্গে কী এক রসিকতায় মেতে উঠলেন তাসকিন আহমেদ। কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের দুই ফাস্ট বোলারই আছেন ফুরফুরে মেজাজে। কাল বিসিবি একাডেমি ভবনে l শামসুল হক

গতি আর ইয়র্কারই তাঁর মূল অস্ত্র। কিন্তু রুবেল হোসেন চাইছেন ভান্ডারটা আরও সমৃদ্ধ করতে। বাংলাদেশ দলের এই পেসার তাই কাজ করছেন নতুন ডেলিভারি ‘বাটারফ্লাই’ নিয়ে।
গত বছরের সেপ্টেম্বরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ‘এ’ দলের চার দিনের ম্যাচে ২ ওভার ৫ বল করে রুবেল চোট পান বাঁ পায়ের পেশিতে। সফর অসমাপ্ত রেখে তাঁকে ফিরে আসতে হয় দেশে। গত ডিসেম্বরে সিলেট সুপারস্টারসের হয়ে বিপিএলে ৬টি ম্যাচ খেলে চোটে পড়েন আবারও।
প্রায় পাঁচ মাসের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ফিরেছেন রুবেল। পুনর্বাসন চলার সময় নিজেকে ফিরে পাওয়ার লড়াই তো ছিলই, রুবেল চেষ্টা করেছেন তূণে নতুন তির যোগ করতে। সেই চেষ্টারই ফল বাটারফ্লাই ডেলিভারি। এটি নিয়ে স্লগ ওভারে সাফল্য পাওয়াই রুবেলের লক্ষ্য, ‘ডেলিভারিটা নিয়ে অনেক দিন ধরে অনুশীলন করছি। যদিও আমার সাইড আর্ম অ্যাকশনের জন্য এটা করা কঠিন। তবু চেষ্টা করে যাচ্ছি। অফ কাটার, ইয়র্কার, গতির সঙ্গে যদি অতিরিক্ত কিছু যোগ করতে পারি স্লগ ওভারে আমার জন্য ভালো হবে।’
রুবেল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের জুলাইয়ে। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফাস্ট বোলার কি পারবেন আগের ধার ধরে রাখতে? যদিও তাঁকে আত্মবিশ্বাসী করছে প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ প্রিমিয়ার লিগের পারফরম্যান্স। ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে দলের সফলতম বোলার হয়েছেন। রুবেলের দাবি, পূর্ণ ছন্দেই বোলিং করেছেন লিগে, ‘আমার মূল শক্তি হচ্ছে জোরে বোলিং করা, ইয়র্কার দেওয়া। বোলিংয়ে গতি বাড়াতে অনেক পরিশ্রম করছি। আগের গতিটা ফিরে পাওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় না গতি কমেছে। প্রিমিয়ার লিগে মনে হয়েছে ভালো গতিতেই করেছি।’
এক সপ্তাহের জন্য বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে কাজ করতে এসেছেন আকিব জাভেদ। আগামীকাল থেকে জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ শুরু করবেন পাকিস্তানের সাবেক পেসার। আকিবের ক্লাসে নতুন কিছু শিখতে চান রুবেল, ‘স্লগ ওভারে পাকিস্তানি বোলাররা খুব ভালো। বিশেষ করে রিভার্স সুইং তারা খুব ভালো করে। সেদিক দিয়ে তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে।’
অনেক দিন ধরে ঝুলে আছে বিসিবির পেস বোলিং কোচের নিয়োগের বিষয়টি। একজন পেসার হিসেবে বোলিং কোচের প্রয়োজনীয়তা ভীষণ অনুভব করেন রুবেল, ‘আমাদের জন্য বোলিং কোচ খুবই দরকার। কোচ থাকলে নতুন অনেক কিছু শেখা যায়। পেশাদার ক্রিকেটার হিসেবে বিভিন্ন কোচের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তবু অনেক নতুন কিছু শেখার থাকে।’