রুমানা যেখানে বাংলাদেশের প্রথম

ছেলেদের টেস্ট-ওয়ানডেতে হ্যাটট্রিকের কীর্তি বেশ কয়েকবারই হয়েছে। এবার মেয়েদের ক্রিকেটেও সেই গৌরবের মণিহার পরলেন রুমানা আহমেদ। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিকটা মেয়েদের ক্রিকেটের যেকোনো সংস্করণেই বাংলাদেশের প্রথম। সবমিলে মেয়েদের ক্রিকেটের এটা ১৭তম হ্যাটট্রিক, আর ওয়ানডেতে নবম।
একটা দিক দিয়ে রুমানার হ্যাটট্রিকটা একটু আলাদা। মেয়েদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এটাই কারও প্রথম হ্যাটট্রিক। আয়ারল্যান্ডের হয়েও অবশ্য এর আগে হ্যাটট্রিকের কীর্তি ছিল, সাবিহ ইয়াং ২০০১ সালে সেটি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।
তিন সংস্করণ মিলে প্রথম হ্যাটট্রিকটা সেই ১৯৫৮ সালে। অস্ট্রেলিয়ার বেটি ওয়াটসন মেলবোর্নের টেস্টে সেটি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আরেকটি হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ৩৫ বছর। ১৯৯৩ সালে ইংল্যান্ডের ক্যারল হজসের সেই কীর্তি ছিল ডেনমার্কের বিপক্ষে, মেয়েদের বিশ্বকাপে। ওই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের জুলি হ্যারিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করেছিলেন।
হ্যারিসের কীর্তিটা আরেকটা দিক দিয়েও প্রথম ছিল, কোনো ফিল্ডারের ‘সাহায্য’ ছাড়াই পরপর তিন বলে উইকেট পেয়েছিলেন। হ্যারিসের তিনটি উইকেটই ছিলে এলবিডব্লিউ, রুমানারও তাই। তিনটি উইকেটই এলবিডব্লিউতে পাওয়ার রেকর্ড আর কারও নেই। কোনো ফিল্ডারের যোগসূত্র ছাড়া হ্যাটট্রিক করেছেন আরও তিনজন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার রেনে ফ্যারেল, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ড্যান ফন নিয়েকার্ক ও গত বছর পাকিস্তানের সানা মীরের।
তবে ফন নিয়েকার্ক যা করেছেন, সেটা আর কেউই করতে পারেননি। হ্যাটট্রিক তো ছিলই, ওই এক ওভারেই নিয়েছিলেন আরও একটি উইকেট। সব সুদ্ধ এক ওভারে আউট করেছিলেন চারজনকে। মেয়েদের ক্রিকেটে অবশ্য একাধিক হ্যাটট্রিক এখনো কেউ করতে পারেননি, আবার সব হ্যাটট্রিকই হয়েছে আলাদা আলাদা ভেন্যুতে। তিন সংস্করণ মিলে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ড ও পাকিস্তানের মেয়েরা, তিনবার করে। আর সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চারবার। বাংলাদেশের বিপক্ষেও হ্যাটট্রিক হয়েছে। দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ ২০১৩ সালে সেটি করেছিলেন পচেফস্ট্রুমের টি-টোয়েন্টিতে।