রুমানাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে আত্মবিশ্বাস উঁচুতেই থাকার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জয়ের সঙ্গে বাংলাদেশকে আরও অনুপ্রাণিত করবে আইরিশদের বিপক্ষে করা ২৩৫ রানও। সেই অনুপ্রেরণা থেকে আজ কলম্বোয় পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় দিয়েই রুমানারা শুরু করতে চাইবেন বাছাই টুর্নামেন্ট।
শক্তিতে বাংলাদেশের তুলনায় পাপুয়া নিউগিনির পিছিয়েই থাকার কথা। তবে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা উদীয়মান একাদশের বিপক্ষে পাওয়া ১৭৮ রানের জয়টা তাদের আত্মবিশ্বাসী করবে। যদিও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের কাছে তারা হেরেছে ৯ উইকেটে। পাপুয়া নিউগিনির ওয়ানডে স্বীকৃতি না থাকায় এই ম্যাচটা অবশ্য ওয়ানডের মর্যাদা পাবে না। ওয়ানডে মর্যাদা না পেলেও সুপার সিক্সে ওঠার পথ করে নিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
সুপার সিক্সে উঠতে হলে গ্রুপ পর্বের বৈতরণি পেরোতে হবে বাংলাদেশকে। পাপুয়া নিউগিনিসহ ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপের সেরা তিনটি দল খেলবে সুপার সিক্সে। এই পর্বের সেরা চারটি দল সুযোগ পাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে।