রুমানার হ্যাটট্রিকে জয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যান অব দ্য মাচের পুরস্কার হাতে হ্যাটট্রিক কন্যা রুমানা আহমেদ
ম্যান অব দ্য মাচের পুরস্কার হাতে হ্যাটট্রিক কন্যা রুমানা আহমেদ

আনন্দে কথা বলতে পারছিলেন না রুমানা আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরপর নির্বাচক আতহার আলী খানের মুঠোফোনে কথা বলতে চাওয়া হলো তাঁর সঙ্গে। কিন্তু রুমানা তখন বাকরুদ্ধ। তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়াটাও হলো সে রকম, ‘কী বলব! আমি ভাষা খুঁজে পাচ্ছি না...।’ এটাই স্বাভাবিক। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিকটা যে একটু আগে তিনিই করলেন!
বেলফাস্টে আজ আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে লেগ স্পিনার রুমানার হ্যাটট্রিকেই জয় পেয়েছে বাংলাদেশ মহিলা দল। টি-টোয়েন্টি সিরিজ ১-০–তে হারার পর আজকের জয়ে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের মেয়েরা জিতল ১-০–তে। প্রথম ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রুমানাই। ‘দারুণ লাগছে। ওই সময়ে এটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এ রকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করে পেরে আমি খুশি’—মুঠোফোনে এই প্রতিবেদককে বলছিলেন রুমানা। বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম হ্যাটট্রিক করবেন, এটা তাঁর কল্পনাতেও আসেনি কখনো। কিন্তু হ্যাটট্রিক বলের আগে ভর করেছিল আত্মবিশ্বাস, ‘আগের দুই ব্যাটসম্যানকে আমি সোজা বল করে এলবিডব্লু করেছি। হ্যাটট্রিক বলেও ভাবলাম, ও রকম বলই করতে হবে। টার্ন করানোর চেষ্টা না করে সোজা করতে চেয়েছি। সেটাই হয়েছে।’
প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা ৪০.১ ওভারে করেন ১০৬ রান। জবাবে সহজ জয়ের দিকেই যাচ্ছিলেন আইরিশ মেয়েরা। একপর্যায়ে হাতে ৮ উইকেট নিয়ে দরকার ছিল মাত্র ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিকে ঘুরে যায় ম্যাচের মোড়। বাংলাদেশের মেয়েদের হাতে ধরা দেয় সিরিজ জয়।

ম্যাচ জয়ের পর আতহার আলী খানের সেলফিতে বাংলাদেশ দল
ম্যাচ জয়ের পর আতহার আলী খানের সেলফিতে বাংলাদেশ দল