রুমানার হ্যাটট্রিকে মেয়েদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরার পুরস্কার হাতে রুমানা l সৌজন্য ছবি
ম্যাচসেরার পুরস্কার হাতে রুমানা l সৌজন্য ছবি

বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। একই মাঠে কাল স্নায়ুক্ষয়ী শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন রুমানা আহমেদ। তবে মেয়েদের ওয়ানডেতে এর আগে হ্যাটট্রিক ছিল আটটি।
আয়ারল্যান্ডের সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেননি জাহানারা-সানজিদারা। ১০৭ রান তাড়া করতে নেমে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন আইরিশ মেয়েরা। একটা সময় হাতে ৮ উইকেট নিয়ে দরকার ছিল ৫৫ রান। কিন্তু এর পরই দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে বাংলাদেশ। হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। সেটি না হলেও কিছুক্ষণের মধ্যেই হ্যাটট্রিক করেন লেগ স্পিনার রুমানা। হ্যাটট্রিকের তিনটি উইকেটই এসেছে এলবিডব্লুর মাধ্যমে। শেষ পর্যন্ত আইরিশরা অলআউট হয়ে গেছে ৯৬ রানে।
বাংলাদেশের ইনিংসের সময় অবশ্য এমন একটা সুখকর সমাপ্তি কল্পনা করাও কঠিন ছিল। ২৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। সানজিদা ইসলামের ৩৩ রানের সুবাদে তিন অঙ্ক ছুঁতে পারে স্কোর (৪০.১ ওভারে ১০৬)।
ম্যাচ শেষে হ্যাটট্রিক করার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিলেন না রুমানা। মুঠোফোনে এই প্রতিবেদককে বলছিলেন, ‘দারুণ লাগছে। ওই সময়ে হ্যাটট্রিকটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এ রকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করতে পেরে আমি খুশি।’ বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম হ্যাটট্রিক করবেন, এটা কখনো ভাবেনইনি রুমানা। তবে হ্যাটট্রিক–বলের আগে যথেষ্টই আত্মবিশ্বাসী ছিলেন তিনি, ‘আগের দুটি উইকেটও আমি সোজা বল করে পেয়েছি। হ্যাটট্রিক বলেও ও রকম বল করারই চেষ্টা করেছি এবং সেটাই হয়েছে।’