রুমানারা বিশ্বকাপে খেলবেন যদি...
ভারতের কাছে পরশু ৯ উইকেটে হেরে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ খেলার স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। আজ কলম্বোর এনসিসি মাঠে বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেও রুমানাদের বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। গাণিতিক মারপ্যাঁচে সামান্য যে আশা আছে সেটি পূরণে দুর্দান্ত কিছু করতে হবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চারে, সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাঁচে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। রানরেটে এগিয়ে বিশ্বকাপে সুযোগ পেতে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা। রুমানারা যদি আগে ব্যাটিং করেন, শ্রীলঙ্কাকে অন্তত ৮৫ রানে হারাতে হবে। পরে ব্যাটিং করলে লক্ষ্যে পৌঁছাতে হবে দ্রুতই। শ্রীলঙ্কা যদি ২০০ রান করে, বাংলাদেশকে সেটি পেরোতে হবে ২৭.১ ওভারে। রানরেট থাকতে হবে ৭-এর ওপর। টুর্নামেন্টে শক্তিশালী দলগুলোর বিপক্ষে ওভারপ্রতি সাড়ে তিন এমনকি তিনেরও নিচে রান তোলা বাংলাদেশ পারবে কঠিন এই কাজটা করতে?