রুশোর 'দুই রকম' অভিষেক!

* ২১ আগস্ট ২০১৪, বুলাওয়ে
দক্ষিণ আফ্রিকান ওপেনার রাইলি রুশোর ওয়ানডে অভিষেক। প্রথম বলটাকে মিডঅফের দিকে ঠেলেই দিলেন এক দৌড়। সঙ্গে সঙ্গে রানআউট! প্রথম কোনো টপঅর্ডার (১-৬) ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে এক বল খেলেই শূন্য রানে রানআউট হলেন।
* ৫ নভেম্বর ২০১৪, অ্যাডিলেড ওভাল
রুশোর টি-টোয়েন্টি অভিষেক। না, এবার তিক্ত অভিজ্ঞতা হয়নি। বরং সুখস্মৃতি হয়েই থাকবে আজকের ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে করলেন ৭৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে এটি চতুর্থ সর্বোচ্চ রান। রুশোর ঝোড়ো ইনিংসের সুবাদে প্রোটিয়ারা জিতল ৭ উইকেটে। ম্যাচসেরাও রুশো। এর চেয়ে দারুণ অভিষেক আর কী হতে পারে!
এক অভিষেক নিয়েই দুরকম অভিজ্ঞতা হয়ে গেল ২৫ বছর বয়সী এ প্রোটিয়া ব্যাটসম্যানের। টপ অর্ডার ব্যাটসম্যান অথচ ওয়ানডেতে রুশোর পরিসংখ্যান বড্ড ম্লান। ৬ ম্যাচে রান মাত্র ৬২। এর মধ্যে ডাক মেরেছেন চারবার! সর্বোচ্চ ৩৬। তবুও রুশোর ওপর আস্থা হারাননি টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই নিজের জাত চেনালেন এ বাঁ–হাতি।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান না যোগ হতেই ফিরে যান রেজা হেন্ড্রিকস। এরপর কুইন্টন ডি কক ও রুশোর দ্বিতীয় উইকেট জুটিতে এল ১২৯ রান। এ জুটি হারাল অস্ট্রেলিয়াকে। ককের ব্যাট থেকে এসেছে ৪৬ রান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান তোলে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের সংগ্রহটা ভদ্রস্থ হওয়ার পেছনে অবদান শেন ওয়াটসন ও জেমস ফকনারের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে ৫৭ রান। ওয়াটসন করেন সর্বোচ্চ ৪৭ রান। প্রোটিয়া বোলারদের পক্ষে কাইল অ্যাবট নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।