রূপকথার এক ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে হাঁটু গেড়ে কাট করলেন বরিশাল বুলস অধিনায়ক মাহমুদউল্লাহ l শামসুল হক
৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে হাঁটু গেড়ে কাট করলেন বরিশাল বুলস অধিনায়ক মাহমুদউল্লাহ l শামসুল হক

একই ম্যাচের দুই ইনিংসের ১৬তম ওভারে একই রকম ঘটনা ঘটল তিনবার। বাউন্ডারিতে ক্যাচ নিতে গিয়ে ফিল্ডারের হাত ফসকে ছক্কা। খটকা লাগার মতো একটা রানআউট হলো। ব্যাটসম্যানের যেন ক্রিজে ফিরে যেতেই অনীহা! এক পেস বোলার ৯ বলের অদ্ভুত এক ওভার করলেন। এক নো, দুই ওয়াইড মিলিয়ে ওভারের দ্বিতীয় বলটাই করলেন চারবার! বাকি বলগুলোও দিশাহীন। রান দিলেন ২২।
ক্রিকেটে ব্যাখ্যাতীত অদ্ভুতুড়ে অনেক ঘটনাই ঘটে। কিন্তু এক ম্যাচে এত অদ্ভুত ঘটনা বোধ হয় রূপকথার ক্রিকেটেই সম্ভব। সবচেয়ে ‘অদ্ভুত’ লাগল ম্যাচে গতির উত্থান-পতন। ৬৩ রানে ৫ উইকেট হারিয়েও বরিশাল বুলসের রান শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭০, ৩৩ রানে ম্যাচও জিতল তারাই! ১৩৭ রানে অলআউট হয়ে ঘরের মাঠেও হারের বৃত্তেই ঘুরতে লাগল চিটাগং ভাইকিংস।
সন্দেহের চোখটা বুজে রাখলে এ রকম ম্যাচ ক্রিকেটীয় রোমাঞ্চে ভরিয়ে দেবে আপনাকে। মাহমুদউল্লাহর পিঠ চাপড়ে দিতে হবে বিপদেও শক্ত হাতে হাল ধরার জন্য। কিন্তু বিপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশির ভাগ সময় এ জাতীয় ঘটনাগুলোর ভূমিকা কানের মতো। পরে যেটায় টান পড়লে চলে আসে ‘মাথা’ও—যার নাম ফিক্সিং-বিতর্ক। সন্দেহের চোখ তাই খোলাই রাখতে হচ্ছে।
চিটাগং ভাইকিংস-বরিশাল বুলসের ম্যাচে কান-মাথার সমীকরণটা ছিল, তা এখনই হলফ করে বলা যাবে না। এর জন্য অকাট্য তথ্য–প্রমাণ লাগবে। তবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট যে গন্ধ শোঁকার মতো একটা বিষয় পেল, তা নিশ্চিত। কাল ম্যাচ শেষে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবালের কথাগুলো তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। না, তামিম বলেননি যে এই ম্যাচে তিনি ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন। উল্টো জানালেন, ১৩ ওভারে ৫ উইকেটে ৭২ করা বরিশাল বুলসের শেষ ৭ ওভারে ওভারপ্রতি ১৪ করে নেওয়াতেও নাকি ‘সন্দেহজনক’ কিছু দেখছেন না, ‘সন্দেহ নিয়ে চিন্তাও করা উচিত নয়। সবাই নিষ্কলুষ ক্রিকেট খেলছি।’

কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের আগে তামিম যেভাবে সতীর্থদের কাণ্ড-কারখানায় অসন্তোষ প্রকাশ করলেন, তাতে সন্দেহের বুদ্‌বুদ না উঠে পারে না। ঘটনাপরম্পরায় চিটাগং ভাইকিংস অধিনায়কের বক্তব্যগুলো তুলে ধরা হলো এখানে—

চিগুম্বুরার ১৯তম ওভার: প্রথম বলেই কাভারের ওপর দিয়ে ছক্কা কুপারের। পরের বলটা বিমারের জন্য নো, কুপারের ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে চার। এরপর ওই বল যেন আর শেষই হতে চায় না! ফ্রি-হিটের বল ওয়াইড, ওয়াইড স্লোয়ার দেওয়া পরের বলটাও। চতুর্থ বলে লং অফ দিয়ে কুপারের আরেকটা ছয়। ২২ রানের ওভার সবাইকে এতটাই হতবিহ্বল করে দিল যে শেষ বলে মাহমুদউল্লাহর আউটেও তা কাটল না।

চিগুম্বুরার কৌতূহলোদ্দীপক ওভারটা নিয়ে তামিমের ঠোঁটকাটা মন্তব্য, ‘আমি তো হাতে ধরে বুঝিয়ে দিতে পারব না এই পর্যায়ের ক্রিকেটে কী করতে হবে। অধিনায়ক হতে পারি, তবে বলে দিতে পারি না এভাবে করো বা ওভাবে খেলো।’

কামরান আকমলের কাণ্ড: চিটাগং ভাইকিংস ইনিংসের তৃতীয় ওভারে অদ্ভুতভাবে রানআউট হলেন পাকিস্তানি ব্যাটসম্যান। সামির বলটা মিড অনে ঠেলে রানের জন্য ছুটলেন। কিন্তু ছোটার মধ্যে গন্তব্যে পৌঁছানোর তাড়া কোথায়! ক্রিজের একেবারে কাছাকাছি গিয়ে যেন ‘গতিজড়তা’য় ভুগলেন। তারপরও কামরান ব্যাট ছোঁয়াতে পারতেন ক্রিজে। অথচ কুপারের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দেওয়ার আগ পর্যন্তও কিনা ব্যাটটা শূন্যে ভাসিয়ে রাখলেন!

তামিম তাতে এতটাই বিরক্ত যে সংবাদ সম্মেলনে বলে দিলেন, ‘কামরান যেভাবে আউট হলো, কেবল বলতে পারি, স্কুলের ছেলেদের মতোই আউট হয়েছে।’

ক্যাচ যখন ছক্কা: শফিউলের করা ১৬তম ওভারের প্রথম বলে সেকুগে প্রসন্ন ছক্কা হাঁকাতে গেলেন এবং লং অফের ফিল্ডার জিয়ার সৌজন্যে তা পেয়েও গেলেন। এক হাতে ক্যাচ নিতে গিয়েছিলেন জিয়া। কিন্তু বল তাঁর হাতে লেগে ছয়! এক বল পরও একই ঘটনা। এবারও ব্যাটসম্যান প্রসন্ন, লং অনে ফিল্ডার নাঈম। মজার ব্যাপার, চিটাগং ভাইকিংসের ইনিংসের ১৬তম ওভারেও ঘটেছে এ ঘটনা এবং প্রসন্ন সেখানেও! এবার তিনি বোলারের ভূমিকায়। ব্যাটসম্যান আমিরের সম্ভাব্য ক্যাচ ছক্কা হয়ে গেল কুপারের হাতে ছুঁয়ে।

তামিম ক্ষোভ লুকাননি ক্যাচ মিস নিয়েও, ‘যখন থেকে রানআউট ও ক্যাচ হাতছাড়া হতে শুরু করল তখন থেকেই আমরা বাজে খেলতে শুরু করলাম। প্রসন্ন তখন আউট হলে ১০০ বা এর কাছাকাছি রানে ৭ উইকেট হতো।’

রূপকথার জগতে অনেক রহস্যেরই জট খোলে না। ‘রূপকথা’র ক্রিকেটে খুলবে তো? তার আগে অবশ্য কালকের প্রথম ম্যাচটাকে নিতে হবে একটা ‘রহস্য’ হিসেবে।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল বুলস–চিটাগং ভাইকিংস

বরিশাল: ২০ ওভারে ১৭০/৭ (লুইস ৪, রনি ০, মেহেদি ২৮, সাব্বির ০, মাহমুদউল্লাহ ৫১, নাদিফ ৭, প্রসন্ন ৩৬, কুপার ২১*, সামি ৯*; দিলশান ১/৯, আমির ২/২০, শফিউল ১/৩৪, আসিফ ০/১৮, এনামুল জুনিয়র ০/২৬, চিগুম্বুরা ১/৩৮, জিয়াউর ২/২৪)।

চিটাগং: ১৯.৫ ওভারে ১৩৭ (তামিম ৬, দিলশান ১৯, আকমল ০, এনামুল ১২, নাঈম ৩৮, চিগুম্বুরা ৫, জিয়াউর ১৩, আমির ২০, শফিউল ১২, এনামুল জুনিয়র ৩, আসিফ ০*; সামি ১/১৯, আল আমিন ২/৩৪, কুপার ৩/২৮, তাইজুল ১/২০, প্রসন্ন ০/২৫, মাহমুদউল্লাহ ১/৬)।

ফল: বরিশাল ৩৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কেভন কুপার।

কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট সুপারস্টারস

কুমিল্লা: ২০ ওভারে ১৬৪/৫ (লিটন ৪২, ইমরুল ৪৮, মুখতার ১, শুভাগত ০, জাইদি ৫৩*, অলক ২, মাশরাফি ১০*; শহীদ ০/২৮, রুবেল ০/৪৮, আজম ০/১৯, মুনাবীরা ০/২৬, বোপারা ৪/১৮, জয়াসুরিয়া ০/২১)।

সিলেট: ১৯.৪ ওভারে ১৬৮/৬ (মুনাবীরা ৩৬, মুমিনুল ৯, বোপারা ৫০, মুশফিক ৪৭, আজম ১৩, জয়াসুরিয়া ১, নুরুল ০*, মিলন ৬*; মাশরাফি ০/২৬, কুলাসেকারা ২/৩১, স্যান্টোকি ০/৩১, হায়দার ৪/২৮, সানজামুল ০/২৮, জাইদি ০/২৪)।

ফল: সিলেট ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রবি বোপারা।