রূপকথার মতো বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের চেয়েও নাটকীয় এক ম্যাচ জিতে রূপকথার মতো বিদায় নিলেন মিসবাহ ও ইউনিস। ম্যাচ শেষ সতীর্থদের কাঁধে পাকিস্তানের দুই তারকা l এএফপি
নাটকের চেয়েও নাটকীয় এক ম্যাচ জিতে রূপকথার মতো বিদায় নিলেন মিসবাহ ও ইউনিস। ম্যাচ শেষ সতীর্থদের কাঁধে পাকিস্তানের দুই তারকা l এএফপি

ক্যারিয়ারের শেষ ম্যাচে দমবন্ধ করা নাটকীয় এক জয়। যেটিতে রচিত হলো নতুন ইতিহাস—প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। এর চেয়ে দারুণ বিদায় আর কী হতে পারত মিসবাহ-উল হক আর ইউনিস খানের!
ম্যাচের শেষ ওভারের আগের বল। যেটি আসলে সিরিজেরই শেষ ওভারের আগের বল। এই একটি বল শ্যানন গ্যাব্রিয়েল খেলে দিতে পারলেই হয়তো ম্যাচটি ড্র করতে পারত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজও হয়ে যেত ড্র। গ্যাব্রিয়েল ওই বলটি ঠেকিয়ে দিতে পারলে পরের ওভারটি খেলতেন রোস্টন চেজ। যিনি ১০১ রানে অপরাজিত। যাঁর অসাধারণ ব্যাটিংই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে।
এর আগে ২১টি বল নির্বিঘ্নে খেলে দিয়েছেন গ্যাব্রিয়েল। কিন্তু ২২তম বলটি খেলতে গিয়ে গড়বড় করে ফেললেন। হঠাৎ কী হলো, ইয়াসির শাহর অফ স্টাম্পের বাইরের বলটিকে সীমানাছাড়া করতে গিয়ে ডেকে আনলেন নিজের মরণ। ব্যাটের কানায় লেগে বলটি ভেঙে দিল তাঁর স্টাস্প।
হয়তোবা মিসবাহ আর ইউনিসের বিদায়ের চিত্রনাট্যটা এমন চরম নাটকীয়তাময় হবে বলে আগেই ঠিক করে রেখেছিলেন ক্রিকেট-বিধাতা। নইলে চতুর্থ দিন সকাল পর্যন্ত যে ম্যাচ ছিল একেবারেই নিষ্প্রাণ, সেটির শেষটা এমন উত্তেজনাময় হয় কী করে! আরও একবার টেস্ট ক্রিকেট বুঝিয়ে দিল তার মাহাত্ম্য।
১৫১ রানে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট। তখনো ২৯ ওভারের খেলা বাকি। কিন্তু ‘লেজ’ নিয়ে দারুণ লড়ে গেলেন চেজ। তাঁর ইনিংসটিতেও অবশ্য নাটকীয়তার অভাব ছিল না। ‘জীবন’ পেয়েছেন তিনবার। হাসান আলী দুবার ফিরতি বলে ক্যাচ নিতে পারেননি। ৯২ রানে মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে শুরু করেছিলেন। টিভি রিপ্লেতে দেখা গেল, ওটা ছিল ‘নো’ বল। আবারও উইকেটে ফিরলেন চেজ।
মিসবাহ-ইউনিসকে হাতছানি দিচ্ছিল ইতিহাস। আবার উঁকি দিচ্ছিল সেই ইতিহাস মরীচিকা হয়ে মিলিয়ে যাওয়ার শঙ্কাও। শেষ পর্যন্ত তাঁরা উপহার পেলেন ১০১ রানের দারুণ এক জয়। আপ্লুত মিসবাহ বললেন, ‘এর চেয়ে ভালো বিদায় আর কী হতে পারত! শেষ সেশনে অনেক কিছুই ঘটেছে—ক্যাচ পড়েছে, আপিল হয়েছে, নো বলে আউট হলো; একটা সময়ে মনে হচ্ছিল, হয়তো হবে না।’
শেষ পর্যন্ত হলো! গ্যাব্রিয়েলকে আউট করে ইয়াসির শাহ যেন উসাইন বোল্ট! দিলেন ভোঁ এক দৌড়! এরপর ডাইভ দিলেন মাঠে। পাকিস্তানের দুই কিংবদন্তিকে জয়ের মালা পরিয়ে বিদায় দিতে পারার আনন্দেই হয়তো। মিসবাহও বিদায়বাণীতে কৃতজ্ঞতা জানালেন সতীর্থদের, ‘মন্থর উইকেটে বোলাররা নিজেদের উজাড় করে বল করেছে। সবাই খুব অনুপ্রাণিত ছিল। ওরা আমার আর ইউনিসের জন্য কঠিন পরিশ্রম করছিল।’
মিসবাহর কৃতজ্ঞতা জানানোর তালিকাটা বেশ লম্বা। নিজের স্ত্রী, পরিবার, ভক্ত-সমর্থক—শেষ বেলায় সবাইকেই ধন্যবাদ জানালেন, ‘আমি আমার পরিবার; আমার মা, বোন আর বিশেষ করে স্ত্রী উজমাকে ধন্যবাদ জানাতে চাই। এই সিরিজটা ওর জন্যই। কারণ আমি অস্ট্রেলিয়াতেই বিদায় নিতে পারতাম। ও আমাকে বুঝিয়েছে। এ ছাড়া ভক্তরা আর সতীর্থরাও আমায় বুঝিয়েছে, তুমি এভাবে শেষ করতে পারো না। তোমাকে বিদায় নিতে হবে ভালো পারফর্ম করে আর জিতে।’
বিদায়বেলায় মিসবাহ-ইউনিস অনেক অভিনন্দনই পেয়েছেন। তবে এর মধ্যেও বিশেষ হয়ে থাকবে একটি। সেটি ইমরান খানের একটি টুইট, ‘পাকিস্তানের ক্রিকেটের জন্য তাদের অর্জন এবং মর্যাদা ও সম্মান নিয়ে অবসরে যাওয়ার জন্য মিসবাহ-উল হক আর ইউনিস খানকে অভিনন্দন। খুব কম ক্রীড়াবিদই এভাবে অবসরে যেতে পেরেছে।’ ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।
মিসবাহ ও ইউনিসের আন্তর্জাতিক ক্যারিয়ার
মিসবাহ-উল-হক
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
টেস্ট ৭৫ ১৩২ ৫২২২ ১৬১* ৪৬.৬২ ১০/৩৯
ওয়ানডে ১৬২ ১৪৯ ৫১২২ ৯৬* ৪৩.৪০ ০/৪২
টি-টোয়েন্টি ৩৯ ৩৪ ৭৮৮ ৮৭* ৩৭.৫২ ০/৩
ইউনিস খান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
টেস্ট ১১৮ ২১৩ ১০০৯৯ ৩১৩ ৫২.০৫ ৩৪/৩৩
ওয়ানডে ২৬৫ ২৫৫ ৭২৪৯ ১৪৪ ৩১.২৪ ৭/৪৮
টি-টোয়েন্টি ২৫ ২৩ ৪৪২ ৫১ ২২.১০ ০/২
২৬
মিসবাহ-উল-হকের অধিনায়কত্বে পাকিস্তানের টেস্ট জয়ের সংখ্যা। ১৪টি করে জয় নিয়ে যৌথভাবে পাকিস্তানের দ্বিতীয় সফল অধিনায়ক ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ
৫
টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি ইউনিস খানের
১০০৯৯
ইউনিস খানের টেস্ট রান। ১০ হাজারি ক্লাবে পাকিস্তানের একমাত্র সদস্য
২০০৪
বয়স ৪০ পেরোনোর পর টেস্টে ২০০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান মিসবাহ। ইংল্যান্ডের জ্যাক হবস করেছেন সর্বোচ্চ ২৪৪০ রান
১৫
টেস্টে জুটি বেঁধে ১৫টি সেঞ্চুরি মিসবাহ-ইউনিসের। এর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র চারটি জুটির