রূপগঞ্জ ও আবাহনীর জয়

বিকেএসপিতে কাল দুই ম্যাচের ফল যেন নির্ধারিত হয়ে গিয়েছিল এক ইনিংস পরই!
টসে জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে ফেলল ৫ উইকেটে ৩০৫। এরপর জিততে হলে দুর্দান্ত ব্যাটিং করতে হতো শেখ জামালকে।
আরেক ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে করতে পারল ৭ উইকেটে ২৩৪। এই রান নিয়ে আবাহনীর বিপক্ষে জিততে হলে পারটেক্সকে অসাধারণ বোলিং করতে হতো।
দুটির কোনোটিই হয়নি।
রূপগঞ্জ তাই পেয়েছে ৬৮ রানের সহজ জয়। আবাহনীও ফিরেছে ৭ উইকেটের বড় জয় নিয়ে।
শেখ জামালের জন্য দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। ১৩ রানের মধ্যে রূপগঞ্জের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন শাহাদাত হোসেন। শেখ জামালের বোলাররা তখন ভাবতেও পারেননি, গ্রীষ্মের খরতাপের চেয়েও তাঁদের বেশি ভোগাবে তৃতীয় উইকেটে মুশফিক-নাঈমের রেকর্ড জুটি! রূপগঞ্জের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান যোগ করলেন ২২৫ রান, যেটি লিস্ট ‘এ’ বলে স্বীকৃতি পাওয়ার পর প্রিমিয়ার লিগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ, সব মিলিয়েও দ্বিতীয় সর্বোচ্চ।
প্রিয় সুইপ কিংবা স্লগ সুইপ, চোখজুড়ানো স্কয়ার ড্রাইভ, পুল কখনো বা রিভার্স সুইপের মতো সাহসী শটে সেঞ্চুরিটা তুলে নিলেন মুশফিক। সেঞ্চুরির পর রূপগঞ্জ অধিনায়ক তো আরও আক্রমণাত্মক—শেষ ১৯ বলে ৬ চারে যোগ করেছেন আরও ৩৪ রান। লং অফে রাসেল আল মামুনের ক্যাচ হয়ে ফিরেছেন রাজ্জাকের বলেই।
নাঈমের ইনিংসটায় সে তুলনায় মুগ্ধ হওয়ার উপাদান কমই। সেঞ্চুরির জন্য উল্টো স্লগ ওভারেও কিছুটা খোলসে ঢুকে যেতে হয়েছে তাঁকে। দলের রানরেট বাড়িয়ে নিতে যখন বাউন্ডারি ভীষণ প্রয়োজন, নাঈম তখন এগিয়েছেন এক-দুই রান নিয়ে। তবুও তাঁর পরিশ্রমী ইনিংসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রূপগঞ্জের বড় স্কোর গড়তে। নাঈমের ১০৩ রানের ইনিংসটি শেষ হয়েছে ইলিয়াস সানির বলে কাভার পয়েন্টে ইমরুল কায়েসের ক্যাচ হয়ে।
এমনিতেই বড় লক্ষ্য, তার ওপর আবার রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিং—শেখ জামাল যেন খেলেছে পরাজয়ের ব্যবধান কমাতেই। সেঞ্চুরির পর ২১ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলারও নাঈম।
পারটেক্সও ৪৩ রানের মধ্যে তুলে নিয়েছিল আবাহনীর দুই ওপেনারকে। এরপর অন্য ম্যাচটির মতো এখানেও তৃতীয় উইকেটে বড় একটা জুটি—নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ বিচ্ছিন্ন হলেন ১৫০ রান করার পর। মাহমুদউল্লাহ ৭৭ রান করেছেন মাত্র ৫২ বলে। নাজমুল পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরির স্বাদ। ফিরেছেন দলকে জিতিয়েই। ১০৯ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৪টি ছয়। নিজের সেঞ্চুরির চেয়েও নাজমুলের কাছে বড় হয়ে উঠল জয়ের মাহাত্ম্য, ‘তাড়া করে ম্যাচ জিতলে দল অনেক চাঙা থাকে। সামনে যে পরিস্থিতিই আসুক, আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকব।’