রূপগঞ্জের অভিযোগের জবাব দিলেন নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে নানা অভিযোগ জানিয়ে গত ২৯ নভেম্বর বিসিবি-প্রধানকে চিঠি দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাব। চিঠিতে ক্লাব চেয়ারম্যান লুৎফর রহমান ছয়টি অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন নানাভাবে ‘অন্যায়-অবিচারের’ শিকার হচ্ছে তাঁর ক্লাব।
বিসিবি কার্যালয়ে কাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল হাসান। স্বাভাবিকভাবেই উঠে আসে রূপগঞ্জের অভিযোগের প্রসঙ্গ। নাজমুল হাসান উড়িয়ে দিলেন অভিযোগ, ‘আমার জানামতে কোনো বিশেষ ক্লাবের সঙ্গে বোর্ডের কোনো ঝামেলা নেই। আমাকে মেইল করে তারা নানা অভিযোগ করেছে। আমার যতদূর মনে পড়ে, তিনটি অভিযোগের একটি ছিল ভেন্যু নিয়ে। সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে জেনেছি, তারাই (রূপগঞ্জ) সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এখানে (মিরপুরে)।’ বোর্ড-প্রধান তিনটি বললেও আসলে মিরপুরে রূপগঞ্জ খেলেছে দুটি ম্যাচ।
আম্পায়ারিং নিয়ে রূপগঞ্জের অভিযোগের জবাবে বিসিবি-প্রধানের ভাষ্য, ‘আম্পায়ার নিয়ে তারা অভিযোগ করেছে। আমি জিজ্ঞেস করলাম, কী অভিযোগ? বলা হলো, বেশির ভাগ আম্পায়ার তাদের পছন্দ নয়। নির্দিষ্ট কিছু আম্পায়ারকে দিয়ে খেলা পরিচালনা করাতে চায় তারা। আমি শুনে অবাক। কোনো ক্লাবের ইচ্ছায় তো আর আম্পায়ার দেওয়া হয় না। আর একটা ক্লাবের কিছু দাবি মানলে অন্য সব ক্লাব নানা দাবি নিয়ে হাজির হবে, তখন আমরা কী করব!’
অভিযোগ ছিল আরও কিছু। বোর্ডের সভাপতি আশ্বাস দিলেন খতিয়ে দেখার, ‘তার (রূপগঞ্জের চেয়ারম্যান) আরেকটা অভিযোগ ছিল, তাঁর দলকে ডিস্টার্ব করা হচ্ছে। আমরা এসব দেখব আসলেই কিছু করা হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’