রূপগঞ্জের কর্মকর্তা নাজেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছৃঙ্খল দর্শকদের হাতে অবরুদ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তারিকুল ইসলাম (টিটু)। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারে এগিয়ে এলেন প্রতিপক্ষ দল মোহামেডানের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল বিকেএসপিতে l প্রথম আলো
উচ্ছৃঙ্খল দর্শকদের হাতে অবরুদ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা তারিকুল ইসলাম (টিটু)। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারে এগিয়ে এলেন প্রতিপক্ষ দল মোহামেডানের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল বিকেএসপিতে l প্রথম আলো

বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচটি তখন শেষ। ক্রিকেটার-কর্মকর্তাদের অনেকে গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন। দুই বিদেশি খেলোয়াড় আসহার জায়েদি ও রায়ান টেন ডেসকাটকে নিয়ে প্রথম গাড়িতে সবার আগে বিকেএসপি ছাড়েন রূপগঞ্জের এক কর্মকর্তা। এরপর সাকিব আল হাসান দুই সতীর্থকে নিয়ে বেরিয়ে আসেন বিকেএসপি থেকে। কিন্তু রূপগঞ্জের ড্রেসিংরুমের সামনে ক্লাবটির সমন্বয়ক তারিকুল ইসলামের (টিটু) গাড়ি আটকে দেন জনা পঞ্চাশেক যুবক। তাঁকে নানাভাবে হুমকি দিতে থাকেন তাঁরা। ভয়ে বাকি ক্রিকেটাররা ঢুকে পড়েন ড্রেসিংরুমে।
নিজেদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোক পরিচয় দিয়ে তারিকুলকে গাড়ি থেকে নামতে বলেন যুবকদের কয়েকজন। পুলিশের সামনেই তাঁরা জোর করে তারিকুলকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত গাড়ি থেকে নামানো যায়নি তারিকুলকে। গাড়ির এক পাশের দরজা লক করে ভেতরেই বসে থাকেন তিনি। ওই সময় ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সামনে যুবকেরা বারবার বলতে থাকেন, ‘মাফ চা। তোকে মিডিয়ার সামনে মাফ চাইতে হবে।’ উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন মোহামেডানের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এসে বলেন, ‘ভুল যদি কিছু হয়েই থাকে, তাহলে আমি মাফ চাইছি। আপনারা গন্ডগোল করবেন না।’ শেষ পর্যন্ত মাশরাফির অনুরোধে ওই যুবকেরা রূপগঞ্জের গাড়ি ছেড়ে দেয়।
সম্প্রতি বিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান (বাদল) যেসব কথা বলেছেন, তা নিয়েই উত্তেজনা চলছে ক্রিকেট পাড়ায়। এ ঘটনা সেই বক্তব্যেরই জের। তাও ভালো যে, লুৎফর কাল এই ম্যাচ দেখতে বিকেএসপিতে যাননি। এমনিতে ম্যাচের সময় বিকেএসপিতে ক্রিকেটারদের বাইরে কোনো দর্শক ঢুকতে পৃথক অনুমতি লাগে। কিন্তু কাল দুই বাসভর্তি যুবক ওই ম্যাচ দেখতে মাঠে চলে আসেন। ম্যাচের শুরু থেকেই তাঁরা নানাভাবে ক্রিকেটারদের উত্ত্যক্ত করেছেন। রূপগঞ্জের কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তপ্ত স্লোগানও দিয়েছেন।
এর আগে গত ২১ নভেম্বর আবাহনীর সঙ্গে ম্যাচের দিন ফতুল্লায় রূপগঞ্জের ড্রেসিংরুমের সামনে গিয়ে একদল উচ্ছৃঙ্খল সমর্থক হুমকি দিয়ে আসেন। কাল ঘটল এমন ঘটনা। এ অবস্থায় পরের ম্যাচগুলোয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রূপগঞ্জ। তারিকুল ক্ষোভের সঙ্গে বলছিলেন, ‘আমার ২৬ বছরের সংগঠক ক্যারিয়ারে এমন ন্যক্কারজনক ঘটনা দেখিনি। মাশরাফি না থাকলে হয়তো ওরা আমাকে তুলেই নিয়ে যেত। যারা এসব করেছে তারা প্রকাশ্যে বলে গেছে, আমরা ক্রিকেট বোর্ডের লোক। এভাবে আসলে ক্রিকেট খেলা যায় না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাবটির কর্মকর্তারা এক জরুরি সভায় বসবেন।