রূপগঞ্জের প্রথম হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৫ ম্যাচে জয়ের পর কাল ব্রাদার্স ইউনিয়নের কাছে এসে প্রথম হোঁচট খেল লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে তারা ম্যাচ হেরেছে ৫ উইকেটে। দিনের অন্য দুই ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে প্রাইম দোলেশ্বরকে এবং কলাবাগান ক্রিকেট একাডেমি ৯৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
রূপগঞ্জ হেরেছে মূলত ব্যাটিং-ব্যর্থতার কারণেই। ১০ রানে প্রথম উইকেট পড়ার পর জহুরুল ইসলাম (৪৪) ও মোশাররফ হোসেনের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ১২৩ রান। কিন্তু এরপর মাত্র ৫৯ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে বাকি ৯ উইকেট! মোশাররফ ৮৭ বলে ৮০ রান করলেও হাল ধরতে পারেননি আর কেউ। নাজিম উদ্দিন (৫১) আর ডেনলি লিয়ামের ফিফটির (৫১) সৌজন্যে ৪৭.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় ব্রাদার্স। ছয় ম্যাচে ব্রাদার্সের এটি দ্বিতীয় জয়।
বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁহাতি স্পিনার এনামুল হকের সামনে প্রাইম দোলেশ্বর দাঁড়াতেই পারেনি। ৪ নম্বর ব্যাটসম্যান দাবিদ মালানের ফিফটির (৭০) পরও ৪৮ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর। ৩৭ রানে এনামুলই নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে আসিফ আর জুবায়েরকে পর পর দুই বলে ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। প্রাইম ব্যাংক জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ৪ উইকেট হারিয়েই। ফিফটি করেছেন ওপেনার সৌম্য সরকার (৫৫) ও শুভাগত হোম চৌধুরী (৫১*)।
দিনের তিনটি ম্যাচের মধ্যে দুই শর ওপরে রান উঠেছে কেবল ফতুল্লা স্টেডিয়ামেই। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারালেও কলাবাগান ক্রিকেট একাডেমি দারুণভাবে ঘুরে দাঁড়ায় অধিনায়ক মাহমুদুল হাসান (৮১) ও নাফিস ইকবালের (৬৪) ১২০ রানের চতুর্থ উইকেট জুটিতে। সাত নম্বর ব্যাটসম্যান নাজমুল হোসেনের ১৯ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংসটাও ভূমিকা রেখেছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ২৩৯ রানে নিয়ে যেতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সোহাগ গাজী বল হাতে ৫ উইকেট নিলেও দলের পক্ষে ব্যাট হাতে নায়ক হতে পারেননি কেউ। ওপেনার অমিত মজুমদারের ফিফটির (৫১) পরও ১০ ওভার বাকি থাকতে ১৪৩ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স, বিকেএসপি-৩
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.১ ওভারে ১৯২ (মোশাররফ ৮০, জহুরুল ৪৪, জাইদি ১২, শরীফ উল্লাহ ১২, নাজমুল মিলন ১২; আসিফ ৩/২১, সাদিকুর ২/১৬, নাজমুস ২/৪৫)।
ব্রাদার্স: ৪৭.২ ওভারে ১৯৪/৫ (নাজিম উদ্দিন ৫১, লিয়াম ৫১, ইয়াসির ৩১, নাজমুস ২৫, অভিষেক ১৬, রোমান ১২*; মোশাররফ ২/২৭)।
ফল: ব্রাদার্স ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেনলি জোসেফ লিয়াম।
প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর, বিকেএসপি-৪
প্রাইম দোলেশ্বর: ৪৮ ওভারে ১৯০ (মালান ৭০, রনি ৩৪, আসিফ ২৪, মুক্তার ২১, মিজান ১৪, হাবিব ১২, সানজামুল ১০; এনামুল ৪/৩৭, তাইজুল ২/৩৫)।
প্রাইম ব্যাংক: ৪৫.৩ ওভারে ১৯২/৪ (সৌম্য ৫৫, শুভাগত ৫১*, তাইবুর ৪২, সাদমান ৩০; সানজামুল ২/৫৩)।
ফল: প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক।
একাডেমি, ফতুল্লা
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৫০ ওভারে ২৩৯/৮ (মাহমুদুল ৮১, নাফিস ৬৪, নাজমুল ৪৬*, ইরফান ১৬; সোহাগ ৫/৬৩)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪০ ওভারে ১৪৩ (অমিত ৫১, শাহরিয়ার ৩৩, নাহিদুল ১৬, সোহাগ ১৩; বিশ্বনাথ ৩/৮, শরীফ ৩/২২, নাবিল ২/২৯)।
ফল: কলাবাগান ক্রিকেট একাডেমি ৯৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।