প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে ভারতের বিপক্ষে রাঁচিতে আউট হয়েছিলেন ৯২ রানে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৯৩, আর বছরের নড়বড়ে নব্বই ‘কোটা’ পূরণ করে ফেললেন বছরের শুরুতেই। পরশু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫। এখন পর্যন্ত তিন অঙ্কের স্বাদ পাওয়া হলো না গ্লেন ম্যাক্সওয়েলের। তিনবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ে একটিও সেঞ্চুরি করতে না-পারা একমাত্র ব্যাটসম্যান তিনিই। এই ম্যাচে পরে ৪ উইকেটও নিয়েছেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে একই ম্যাচে সেঞ্চুরি ও কমপক্ষে ৪ উইকেট পাওয়ার কৃতিত্ব আছে ১২ জনের। কিন্তু নব্বই ও ৪ উইকেট ম্যাক্সওয়েলই প্রথম। তবে এই প্রথমের চেয়ে ওই ১২ জনের দলে যোগ দিতে পারলেই নিশ্চয়ই বেশি খুশি হতেন ‘ম্যাক্সি’! যেমন খুশি হবেন পরেরবার নব্বইয়ে গেলে তিন অঙ্ক ছুঁতে পারলে!