রেকর্ড গড়তে পারবে অস্ট্রেলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ডাকানের জাদুকরী বলে আউট হয়ে গেলেন বার্নস। ছবি: এএফপি।
সান্ডাকানের জাদুকরী বলে আউট হয়ে গেলেন বার্নস। ছবি: এএফপি।

পাল্লেকেলে টেস্টে ভালো খেলছে কারা? স্বাগতিক শ্রীলঙ্কা নাকি সফরকারী অস্ট্রেলিয়া? উত্তর হলো, কোনো দলই নয়। সিরিজের প্রথম টেস্টে ‘খেলা’ দেখাচ্ছে আসলে প্রকৃতি। আরও একবার বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে চা-বিরতির আগেই ৪৮ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হয়ে গেল। ফলে অস্ট্রেলিয়া রেকর্ড গড়ে জিতবে, না শ্রীলঙ্কা জিতবে সেই প্রশ্নের উত্তর জানতে কাল শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। ৭ উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্য থেকে এখনো ১৮৫ রান দূরে আছে অস্ট্রেলিয়া।

আজ চতুর্থ দিনেই খেলা হলো সবচেয়ে কম। খেলা হয়েছে মাত্র ৪০.৪ ওভার। তাতেই টেস্টটি জমিয়ে তুলেছে দুই দল। গতকালের ১৯৬ রানের লিডটা আরও ৭১ বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা, মাত্র ১৩.৪ ওভার খেলেই। তাতে খুব একটা অবদান রাখতে পারেননি কুশল মেন্ডিস। ১৭৬ রানে আউট হয়ে যান এই উইকেটকিপার- ব্যাটসম্যান। গুরুত্বপূর্ণ অবদান রঙ্গনা হেরাথের, তাঁর ৩৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসটাই শ্রীলঙ্কাকে পৌ্ঁছে দেয় ৩৫৩ রানে। বৃষ্টির কারণে এর আগেই মধ্যাহ্ন বিরতি শেষ হয়ে পরের সেশনের খেলাও শুরু হয়ে গেছে।
মানে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৬৮ রান। ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা তখনই শেষ হয়ে যেতে পারত। উপমহাদেশে চতুর্থ ইনিংসে ২০০ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একবারই। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টটি এখনো ব্যতিক্রম হয়েই আছে।
তাড়া করতে নেমে শুরুটা বাজে হয়েছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। উসমান খাজাও ফেরেন ৩৩ রানে। এরপর অবশ্য অস্ট্রেলিয়াকে ভালোই আশা দিচ্ছিলেন জো বার্নস ও অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু তখনই আবির্ভাব লক্ষ্মণ সান্ডাকানের। নিজের প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন তিনি। জাদুকরী এক বলে তাজ্জব বানিয়ে দেন বার্নসকে। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা বলটি যেভাবে তাঁর স্টাম্প ভেঙে দেয়, তা ছিল অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৬৩।
একটু পরে আরেকটি ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। নিজের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন অ্যাডাম ভোজেস। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন টিভি আম্পায়ার। দিনের বাকি সময়টা নিরাপদেই পার করে দেন স্মিথ ও ভোজেস। ৩ উইকেট হারিয়ে ৮৩ রান সফরকারীদের। সূত্র: টেন ক্রিকেট।