রেকর্ড গড়া অশ্বিনে অনায়াস জয় ভারতের

জয়ের কাছাকাছি ভারত পৌঁছে গিয়েছিল চতুর্থ দিন বিকেলেই। কানপুর টেস্টের শেষ দিন নিউজিল্যান্ডের বাকি ছয়টি উইকেট তুলে নিতেও খুব একটা বেগ পেতে হলো না। রবিচন্দ্রন অশ্বিন আছেন বলেই হয়তো। আগের দিনই ৩ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড করেছিলেন, ভারতীয় হিসেবে দ্রুততম। সেই রেকর্ডটা আরও স্মরণীয় করে রাখতে আজ নিলেন আরও ৩টি। অশ্বিনের ৬ উইকেটেই একরকম শেষ হয়ে গেল শেষ দিনে কিউইদের লড়াই করার আশা। ভারত জিতল ১৯৭ রানের বড় ব্যবধানে। নিউজিল্যান্ড অলআউট ২৩৬ রানে।
শেষ দিনে ভারতীয় বোলিংকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেছিল লুক রনকি আর মিচেল স্যান্টনারের জুটি। এই দুজন নিজেদের মধ্যে ১০২ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। ৮০ রানে জাদেজার বলে অশ্বিনের হাতে ধরা পড়েন রনকি। এরপর মধ্যাহ্নবিরতির পর মোহাম্মদ শামির রিভার্স সুইংয়ে বিজে ওয়াটলিং ও মার্ক ক্রেইগ ফিরে গেলে বড় হারটা ললাটলেখন হয়েই দেখা দেয় নিউজিল্যান্ডের জন্য।
স্যান্টনার একাই মাটি কামড়ে পড়ে ছিলেন। ১৬০ বলে ৫৭ রানের এক ইনিংসে দারুণভাবেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন। তাঁকে ফেরান অশ্বিন। ইশ সোধিও কিছুটা লড়েছেন। কিন্তু তাঁর ৩৮ বলে ১৭ রান ভারতের জয়টাই কেবল বিলম্বিত করেছে। সোধিও শিকার অশ্বিনের। শেষ দিকে ওয়াগনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলে নিজের ষষ্ঠ উইকেটটি তুলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন অশ্বিনই। সূত্র: স্টার স্পোর্টস ২।