রেকর্ড গড়ে আউট হলেন ধাওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় শ রান করার পর ধাওয়ানের উদ্‌যাপন। ছবি: এএফপি
দেড় শ রান করার পর ধাওয়ানের উদ্‌যাপন। ছবি: এএফপি

ওই শটটা না খেললেও পারতেন শিখর ধাওয়ান। এ কথার পাল্টা যুক্তি হতে পারে, ধাওয়ান তো ওভাবেই খেলেন! রেকর্ড ভাঙা-গড়ার এক ইনিংস খেলে ১৯০ রানে আউট হয়েছেন ভারতীয় ওপেনার। আউট হওয়ার আগেই ভারতীয় রেকর্ড গড়েছেন, দিনের দ্বিতীয় সেশনে ১২৬ রান তুলেছেন। ধাওয়ানের রেকর্ড গড়া ইনিংসে প্রথম দিনটাও গেছে ভারতের পক্ষে। প্রথম দিন শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলেছে ভারত।
৩৯৯ রান তুলেও একটু আক্ষেপ থাকতে পারে ভারতের। এক দিনে সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ডটা যে ভাঙা হলো না। ২০০৯ সালে মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে ৪৭০ রান তুলেছিল ভারত। প্রথম দিনে রান তোলা কিছুটা হলে কঠিন, সে হিসাবে আজকের স্কোরেই সন্তুষ্ট থাকবে ভারত। তবে চা-বিরতির আগ পর্যন্ত ৪৭০ রানকেও খুবই সম্ভব এক লক্ষ্য বলেই মনে হচ্ছিল। মনে করাচ্ছিলেন ধাওয়ান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন। চোটটা এমনই ছিল, এরপর আর টেস্ট দলেই ঢুকতে পারছিলেন না। টানা ১১ টেস্ট দর্শক হয়ে দেখেছেন দলের জয়যাত্রা। অবশেষে গল টেস্টে সুযোগ হলো ধাওয়ানের। রঙ্গনা হেরাথের গলে। হেরাথের মাঠই তো! যে মাঠে ১৭ ম্যাচে ৯৩ উইকেট পান কোনো বোলার, সেটা তো তাঁরই!
ধাওয়ান কিন্তু আজ অন্য কিছুই ভেবে রেখেছিলেন। অষ্টম ওভারে সঙ্গী অভিনব মুকুন্দ আউট হয়ে যাওয়াতেও তাই ভারতের কোনো বিপদ হলো না। রুদ্রমূর্তিতে একের পর এক শট খেলে অন্য প্রান্তে যে রান তুলেই যাচ্ছেন ধাওয়ান। সঙ্গী চেতেশ্বর পূজারাও নিজের স্বাভাবিক ধীরে চলো নীতিতে খেলে যাওয়ায় দলের ইনিংসও এগোচ্ছিল সামঞ্জস্য ধরে রেখে। মধ্যাহ্নবিরতির আগেই ৫০ পেরিয়ে গেলেন ধাওয়ান। ৬২ বলেই ৫০ ছোঁয়া ওপেনার অপরাজিত ছিলেন ৬৪ রানে। দিনের প্রথম সেশনেই ভারতের রান ১১৫!
কিন্তু সেটা ছিল ঝড়ের পূর্বাভাস মাত্র। ঝড় শুরু হলো মধ্যাহ্নবিরতির পর। ফিফটি ছুঁতে মাত্র ছয়টি চার মারা ধাওয়ান আরও গোটা দশেক চারে ১১০ বলে সেঞ্চুরি ছুঁলেন। দেড় শ ছুঁতে তাঁর লেগেছে মাত্র ১৪৭ বল। চা-বিরতির আগের ওভারে নুয়ান প্রদীপকে তুলে মারার আগে তো টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়েই নাড়াচাড়া করতে বাধ্য করেছিলেন ধাওয়ান। শেষ পর্যন্ত ১৬৮ বলে ৩১ চারে ১৯০ রান করে আউট হয়েছেন ধাওয়ান। ফলে ডন ব্র্যাডম্যান নামের এক ‘অতিমানব’ টেস্টের এক দিনে যে ৩০৯ রান তোলার রেকর্ড গড়েছিলেন, সেটি আর নতুন করে মনে করিয়ে দিতে হলো না!
এক দিনে সর্বোচ্চ রানের ভারতীয় রেকর্ড থেকেই ৯৪ রান দূরে ছিলেন ধাওয়ান। ২০০৯ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই মুম্বাইয়ে ২৮৪ রান করেছিলেন বীরেন্দর শেবাগ। তবে শেবাগও যা করতে পারেননি, সেটি করেছেন ধাওয়ান। পলি উমরিগরের ৫৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সেদিন দ্বিতীয় সেশনে ১১০ রান করেছিলেন উমরিগর। দ্বিতীয় সেশনে ভারতের কোনো ব্যাটসম্যানের রান তোলার সে রেকর্ড এত বছরেও কেউ ভাঙতে পারেননি।
অবশেষে ধাওয়ান পারলেন। দ্বিতীয় সেশনে ২৩ চারে ১২৬ রান তুলে পেছনে ফেলে দিলেন উমরিগরকে। ভারতও ২ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে চা-বিরতিতে গেল। বিরতির পরই অবশ্য ছোট্ট একটা ধাক্কা লেগেছিল ভারতের ইনিংসে। মাত্র ৩ রান করেই ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে পূজারা ও অজিঙ্কা রাহানের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সে ধাক্কাও সামলে নিয়েছে তারা।