সেঞ্চুরিয়নে ভারতের ত্রাতা হবেন কে?

মুরালি বিজয়, লোকেশ রাহুল দ্রুতই ফিরে গেছেন। দ্রুত দুই ওপেনার হারানোর ধাক্কা ভারত আঁচ করতে পারত না যদি প্রথম ইনিংসের মতো বিরাট কোহলি দাঁড়িয়ে যেতেন। লুঙ্গি এনগিদির দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লু হয়ে কোহলিও নেই। সেঞ্চুরিয়ন টেস্টের শেষ দিনে ভারতের ত্রাতা হবেন কে?
সেঞ্চুরিয়ন টেস্টে জিততে হলে সুপারস্পোর্ট পার্কে চতুর্থ ইনিংসে ভারতকে এই মাঠের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে হবে। কাল কী ঘটতে পারে সেই আভাসটা কাগিসো রাবাদা ও লুঙ্গি আজই দিয়ে রাখলেন! দক্ষিণ আফ্রিকার এ দুই পেসার মিলে আজই চাপে ফেলেছেন ভারতকে। দুজনের তোপে ৩ উইকেটে ৩৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বিরাট কোহলির দল। জয়ের জন্য শেষ দিনে ২৫২ রান চাই ভারতের। অন্যদিকে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে আরও ৭ উইকেট চাই ফাপ ডু প্লেসির দলের।
পরিসংখ্যান কিন্তু দক্ষিণ আফ্রিকার পক্ষে। সুপারস্পোর্ট পার্কে এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৪৯ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ইংল্যান্ডের। ২০০০ সালের সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২৪৯ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৫১ রান করেছিল নাসের হুসেইনের দল। এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পরবর্তী পাঁচটি কীর্তিই দক্ষিণ আফ্রিকার। তবে সবগুলো ইনিংসই ২৩০ রানের নিচে।
ভারতকে জিততে হলে করতে হবে ২৮৭ রান। চতুর্থ দিন শেষে ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (১১*) ও পার্থিব প্যাটেলের (৫*) ওপর কাল অনেক দায়িত্ব থাকবে। আজ শেষ সেশনে ভারত যে ২৩ ওভার ব্যাটিং করেছে তাতে কিন্তু সুপারস্পোর্ট পার্কের উইকেট আরও বোলিংবান্ধব হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। বিশেষ করে উইকেটের অনিয়মিত লো-বাউন্স বারবার বিপদে ফেলেছে ভারতীয় টপ অর্ডারকে।
দলীয় ১১ রানে ওপেনার মুরালি বিজয়কে (৯) হারায় ভারত। অষ্টম ওভারে রাবাদার শর্ট লেংথের ডেলিভারিটি প্রত্যাশিত মাত্রায় বাউন্স পায়নি। বল বিজয়ের ব্যাটে লেগে আঘাত হানে স্টাম্পে। ঠিক এর ৩ ওভার পরই আরেক ওপেনার লোকেশ রাহুলকে (৪) তুলে নেন লুঙ্গি এনগিদি। স্টাম্পের বাইরের বল অযথাই খেলতে গিয়ে কেশব মহারাজকে ক্যাচ দেন রাহুল। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
সফরকারী দলের এই চাপকে পাহাড়সম করে তুলেছেন এনগিদি। অভিষেক টেস্টেই দারুণ বোলিং করা এ পেসার তিন ওভার পরই তুলে নেন পথের কাঁটা কোহলিকে (৫)। সেটাও দারুণ এক ডেলিভারিতে। তাঁর ইনসুইঙ্গার ব্যাটে খেলতে পারেননি আগের ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া কোহলি। বল প্যাডে আঘাত হানলে প্রোটিয়াদের এলবিডব্লুর দাবিতে সাড়া দেন আম্পায়ার। কোহলি রিভিউ নিলেও তা কাজে আসেনি উল্টো ভারতের একটি রিভিউ নষ্ট হয়েছে।
প্রথম ইনিংসে ভারতকে উদ্ধার করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে অধিনায়ককে দ্রুত হারানো ভারতকে এবার উদ্ধার করবে কে?