
ওয়ানডে ক্যারিয়ারের বিদায়ী উপহারটা পেয়ে যেতে পারতেন কালই। পেলেন না ব্রেন্ডন ম্যাককালাম। আসলে তাঁকে সেটা পেতে দেননি মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নাররা। মার্শের অলরাউন্ড পারফরম্যান্স আর ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েলিংটনে কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতল ৪ উইকেটে। ঘুরে দাঁড়িয়ে সিরিজেও সমতা (১-১) নিয়ে এল অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের পরবর্তী অধিনায়ক কেন উইলিয়ামসন ঘোষণা দিয়েছিলেন, বিদায়ী অধিনায়ক ম্যাককালামকে সেরা উপহারটাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। ‘সেরা উপহার’ মানে চ্যাপেল-হ্যাডলি ট্রফি। সেটি ধরে রাখতে হলে এখন হ্যামিল্টনের শেষ ওয়ানডেটা নিউজিল্যান্ডকে জিততেই হবে।
আগে ব্যাট করা নিউজিল্যান্ডের স্কোরটা কম ছিল না মোটেও। উইলিয়ামসনের হাফ সেঞ্চুরি (৬০) আর মিচেল স্যান্টনারের ৩৯ বলে ৪৫ রানের সুবাদে ৫০ ওভারে নিউজিল্যান্ড করেছিল ৯ উইকেটে ২৮১ রান। ২০৫ রানে ৭ উইকেট চলে যাওয়ার পর অষ্টম উইকেটে স্যান্টনার আর অ্যাডাম মিলনে জুটি তোলে ৬১ রান, যাতে মিলনের অবদান ২৭ বলে ৩৬।
জবাবে ৪৬ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের মাঠে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়। এর আগে ২০১০ সালের মার্চে হ্যামিল্টনে ২৪৬ তাড়া করে জিতেছিল রিকি পন্টিংয়ের দল।
আগের ম্যাচে বিধ্বস্ত হওয়া অস্ট্রেলিয়ার এভাবে ঘুরে দাঁড়ানোর রহস্য কী? কোচ ড্যারেন লেম্যানকে ফিরে পাওয়া, নাকি টেস্টে দারুণ ফর্মে থাকা উসমান খাজার ওয়ানডে দলে ফেরা? দুটোই হতে পারে। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফেরা খাজা আর ডেভিড ওয়ার্নারের ১২২ রানের উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দেয়। স্যান্টনারের হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে খাজা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ১২২ থেকে ১৪৪ পর্যন্ত যেতেই ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে অবশ্য পড়েছিল অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে মিচেল মার্শের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ওয়ার্নার আউট হয়েছেন সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে, দলের ১৯১ রানে। সেখান থেকে ১৯৭ পর্যন্ত যেতে ম্যাথু ওয়েডকেও হারায় অস্ট্রেলিয়া। তবে ৮ নম্বরে ব্যাট করতে নামা জন হ্যাস্টিংস আর কোনো বিপদ হতে দেননি, মিচেল মার্শকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
ব্যাট হাতে ৭২ বলে ৬৯ রানের পাশাপাশি বল হাতেও ৩০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা মিচেল মার্শ। ২০১১ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত ২৯ ম্যাচে ৫ বার ম্যাচসেরা হয়েছে মার্শ। অস্ট্রেলিয়া দলে এই সময়ে তাঁর চেয়ে বেশি ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন শুধু স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক (দুজনেই ৬ বার করে)। ক্রিকইনফো।