রেকর্ড বই রাঙিয়েই চলেছেন তুষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাকে রুখবে কে—প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরির পর কি এটিই বলতে চাইছেন তুষার? সৌজন্য ছবি
আমাকে রুখবে কে—প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরির পর কি এটিই বলতে চাইছেন তুষার? সৌজন্য ছবি
>

বয়স ৩৪ হয়ে গেছে। জাতীয় দলের দুয়ার তাঁর জন্য বন্ধ অনেক আগ থেকেই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করে তুষার কড়া নেড়েই চলেছেন নির্বাচকদের দুয়ারে! রাজশাহীতে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন খুলনার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

সবুজ উইকেটে খেলা হবে। ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা দিতে হবে। তুষার ইমরান কি তৈরি? প্রশ্নটা জাতীয় লিগ শুরুর আগের দিন করার পর তিনি হেসেছিলেন। সেই হাসির অর্থ একটাই, ‘চ্যালেঞ্জ নিতে আমি তৈরি’। কতটা তৈরি সেটির প্রমাণ তো হয়েই গেল। রাজশাহীতে জাতীয় লিগের প্রথম পর্ব তিনি শুরু করলেন জোড়া সেঞ্চুরি দিয়ে। প্রথম দিনে করেছিলেন ১০৪। আজ তৃতীয় দিনে অপরাজিত আছেন ঠিক ১০০ রান করে।

বয়স ৩৪ হয়ে গেছে। জাতীয় দলের দুয়ার তাঁর সামনে বন্ধ অনেক আগ থেকেই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক রান করে তুষার কড়া নেড়েই চলেছেন নির্বাচকদের দুয়ারে! গত বিসিএলেই ৬ ম্যাচে ৪ সেঞ্চুরি, ৩ ফিফটিতে ৯০.৬২ গড়ে ৭২৫ রান। এর মধ্যে পূর্বাঞ্চলের বিপক্ষে করলেন জোড়া সেঞ্চুরি। ছয় মাসের মধ্যে আবারও জোড়া সেঞ্চুরি করে তুষার বার্তা দিয়ে রাখলেন সাত রঙে রাঙিয়ে রাখার লক্ষ্যে এবারও জাতীয় লিগ খেলতে নেমেছেন। আর এতে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন তুষার—বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুবার জোড়া সেঞ্চুরি করেছেন, সেটিও আবার এক পঞ্জিকা বর্ষে। ‘রেকর্ডের কথাটা জানা ছিল না। জেনে স্বাভাবিকভাবে ভালো লাগছে’— জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যান নির্বাচকদেরও যেন একটি বার্তা দিয়ে রাখলেন।
তুষারের সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে খুলনা। মিজানুর রহমানের সেঞ্চুরির পর জহুরুল ইসলামের অপরাজিত ১৬৩ রানের সৌজন্যে ৫৫২ রানের বিশাল স্কোর গড়ে রাজশাহী। পরিচয় মূলত ব্যাটসম্যান হলেও স্পিন জাদু দেখিয়েছেন আফিফ হোসেন, নিয়েছেন ৬৬ রানে ৭ উইকেট। ৩৪২ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা খুলনা দিন শেষ করেছে ২ উইকেটে ১৮২ রান করে। সেঞ্চুরিটা আজ তুষার করেছেন একটু ওয়ানডে স্টাইলে। ১২ চার আর ১ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন ৭৫.১৯ স্ট্রাইকরেটে। জোড়া সেঞ্চুরির পর তুষারের মুখে চওড়া হাসিটা বেশ টের পাওয়া গেল ফোনের এ প্রান্তেও, ‘বাজে বল পেয়েছিলাম অনেক, সেগুলো মেরেছি। স্ট্রাইকরেটটা এ কারণে একটু বেশি মনে হচ্ছে। সব মিলিয়ে আমি তৃপ্ত। কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সুযোগ দেওয়া হয়েছিল আমাকে। কিন্তু সুযোগটা পর্যাপ্ত ছিল না। ২ ইনিংসে নিজেকে প্রমাণ করা কঠিন। চেষ্টা করছি এই জাতীয় লিগেও ভালো করতে। সবুজ উইকেটে প্রথম দিনে ব্যাটিং করা অনেক কঠিন ছিল। কিন্তু এখন আর সেটি ব্যাটসম্যানদের জন্য খুব একটা কঠিন হচ্ছে না। বল মুভ করছে কম, ভালো ব্যাটে আসছে। আমি সেভাবেই খেলার চেষ্টা করছি।’

আজ জাতীয় লিগের তৃতীয় দিনে রেকর্ড হয়েছে আরও একটি। ফতুল্লায় নিজের ঘরের মাঠে আবারও দুর্দান্ত ইনিংস খেলেছেন রনি তালুকদার। দিন শেষে অপরাজিত থেকেছেন ২২৮ রানে। আবদুল মজিদের সঙ্গে রনির ওপেনিং জুটিতে এসেছে ৩৫০। জাতীয় লিগে ওপেনিং জুটিতে এটিই সর্বোচ্চ। ঢাকা দিন শেষ করেছে ৩৮৫ রান তুলে।