রেকর্ড বিচিত্রা
জয়-পরাজয়-জয়-পরাজয়...
জয়-পরাজয়-জয়-পরাজয়-জয়-পরাজয়-জয়...হেঁয়ালি মনে হচ্ছে? হতেই পারে। তবে এই ‘হেঁয়ালি’ই উপহার দিয়েছে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। গত এপ্রিল থেকে সর্বশেষ ৭টি টেস্ট ম্যাচে এভাবেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে চলেছে ইংল্যান্ডের টেস্ট দল। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু। এরপর ইংলিশ গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অ্যাশেজেও অব্যাহত এই ধারা। টেস্ট ক্রিকেট এমন কিছু এর আগে দেখেনি। জয়-পরাজয় বা পরাজয়-জয়ের এই ধারাবাহিকতা এর আগে সর্বোচ্চ ছয়টি টেস্ট পর্যন্তই সীমাবদ্ধ ছিল। যা হয়েছে চারবার। প্রথমটিতেও ইংল্যান্ড, সেটি এক শতাব্দীরও বেশি আগের কথা। সেবার শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। ১৯০৯-১০ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ও পরের মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের নামের পাশে পর্যায়ক্রমে লেখা হয়েছিল: পরাজয়-জয়-পরাজয়-জয়-পরাজয়-জয়! বাকি তিনটি উদাহরণ এত আগের নয়। ১৯৭৯-৮০ মৌসুমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওই ‘সূত্র’ মেনে চলার শুরুটা জয় দিয়ে। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজেরও তা-ই। শ্রীলঙ্কার এই রথ আর উল্টো রথে চড়ার গল্পটা সবচেয়ে সাম্প্রতিক। ২০১১-১২ মৌসুমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এবং ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে। এখানে শুরুটা পরাজয়ে।
রেকর্ড না বলুন, নতুন ইতিহাস তো গড়েছেই ইংল্যান্ড দল। অন্য সব রেকর্ড বা ইতিহাসের সঙ্গে পার্থক্য হলো ইংল্যান্ড এটিকে আর প্রলম্বিত করতে চাইবে না। তাহলে যে আগামীকাল শুরু ট্রেন্ট ব্রিজ টেস্টে হারতে হয়! অস্ট্রেলিয়া তো চাইবেই, নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীরাও হয়তো তা-ই চাইছেন। অ্যাশেজটা যে তাহলে দারুণ জমে যায়!
জোড়া বেঁধে শূন্য
শ্রীকান্ত ব বোথাম ০
গাভাস্কার ক গুচ ব উইলিস ০

এক দিনের আন্তর্জাতিক ম্যাচের বয়স তত দিনে দশ বছর হয়ে গেছে। অথচ ১৯৮১ সালের ২৫ নভেম্বর আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচটি ছিল কিনা মাত্রই ১২৫তম ওয়ানডে! তখনো ওয়ানডে খেলতেই শেখেনি ভারত। ৪৬ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে হারল ৫ উইকেটে। এটা এমন বলার মতো কিছু নয়। ওয়ানডে ইতিহাসে ওই ম্যাচটি বিখ্যাত হয়ে আছে অন্য কারণে। এটিতেই প্রথম কোনো দলের দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছিলেন। গাভাস্কার-শ্রীকান্ত প্রথম, এখন পর্যন্ত সর্বশেষ থিরিমান্নে-দিলশান। ওয়ানডে ইতিহাসে ৩৭তম বারের মতো এ ঘটনার জন্ম দিয়ে গত বিশ্বকাপে ডানেডিনে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ওপেনারই শূন্য রানে আউট। জোড়া বেঁধে শূন্য রানে আউট হওয়ায় সবচেয়ে বেশি আছে ক্রিস গেইলের নাম। মজাটা হলো চারবারই তাঁর সঙ্গী ছিল ভিন্ন—ওয়াভেল হাইন্ডস, লেন্ডল সিমন্স, শিউনারায়ণ চ্যাটেরগুন ও আদ্রিয়ান বারাথ। টেস্ট ক্রিকেটে দুই ওপেনারেরই শূন্য হাতে ফেরার ঘটনা আছে ৪৯টি।

সোবার্স-ক্যালিসরা নন!
একই টেস্টে ডাবল সেঞ্চুরি, সঙ্গে বোলিংয়ে ৭ উইকেট—এটা যদি ‘বলুন তো’র প্রশ্ন হয়, নিশ্চয়ই বিখ্যাত সব অলরাউন্ডারের কথা মাথায় ঘুরতে শুরু করবে আপনার। এমন কীর্তি করলে তাঁকে তো অলরাউন্ডার না বলে উপায় নেই, তবে কিংবদন্তি যেসব অলরাউন্ডারের কথা ভাবছেন, তাঁদের কারোরই এমন কিছু করার সাধ্য হয়নি। যে দুজন করতে পেরেছেন, তাঁদের নাম ডেনিস অ্যাটকিনসন ও মুশতাক মোহাম্মদ। ১৯৫৫ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে ৮৪.২ ওভার মিডিয়াম পেস বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অ্যাটকিনসনের ১৬৪ রানে ৭ উইকেট। মুশতাকও পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন। তবে যে ম্যাচে এই কীর্তি, সেটিতে তিনি অধিনায়ক ছিলেন না। ১৯৭২-৭৩ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ২০১ রান করেন মুশতাক, সঙ্গে লেগ স্পিনে দুই ইনিংসে ১৫ রানে ২ এবং ৪৯ রানে ৫ উইকেট নিয়ে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের ইনিংস জয়ে। মানদণ্ডটা একটু বদলে যদি একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ৫ উইকেট করে দেওয়া হয়, তাতেও সংখ্যাটা মাত্র ‘এক’ বাড়ে। যাঁর নাম যোগ হয়, তিনিও কিংবদন্তিতুল্য কোনো অলরাউন্ডার নন। ইংল্যান্ডের টেড ডেক্সটারের ওই কীর্তি ১৯৬১-৬২ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে করাচিতে।
ক্রিকইনফো অবলম্বনে