রেকর্ড ব্যাটিং গড়ের মালিকের ভারতের হয়ে টেস্ট অভিষেক

বিরাট কোহলির কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে নিলেন হনুমা। ছবি: বিসিসিআই
বিরাট কোহলির কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে নিলেন হনুমা। ছবি: বিসিসিআই
>

এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে (কমপক্ষে ৫০ ইনিংস খেলা) প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিং গড় তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটারদের ব্যাটিং গড়ের সর্বকালের তালিকাতেও আছেন সেরা দশে। হনুমা বিহারি ভারতের ২৯২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন আজ শুরু ওভাল টেস্টে

জীবনটা বাংলা সিনেমা নয়। তবে কখনো কখনো বাংলা সিনেমার চেয়েও নাটকীয় মোড় এসে হাজির হয় জীবনে। বিজয়া বিহারির অনুভূতিটা যেমন সেই বাংলা সিনেমার সংলাপের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, ‘আজ যদি তোর বাবা বেঁচে থাকত!’ ২০০৫ সালে স্বামীকে হারিয়ে এক ছেলে আর এক মেয়েকে নিয়ে নিরন্তর সংগ্রাম করে যাওয়া বিজয়া নামের সার্থকতা পূরণ করে চলেছেন। আজ যে তাঁর ছেলের ভারতের হয়ে টেস্ট অভিষেক হলো! ১২ বছর বয়সে বাবাকে হারানো হনুমা বিহারি ২৯২ নম্বর টেস্ট ক্যাপটি পেলেন।

১২ বছর আগে ভারত-ইংল্যান্ড টেস্টে এক অধ্যায়ের শুরু হয়েছিল। যে অধ্যায়ের শেষ হচ্ছে আরেক ভারত-ইংল্যান্ড টেস্ট দলে। ইংল্যান্ডের পক্ষে রেকর্ড টেস্ট রানের মালিক হয়েই থামছেন অ্যালিস্টার কুক। সেই টেস্টে যাত্রা শুরু হচ্ছে হনুমা বিহারির। হনুমা সম্পর্কে প্রথমেই যে তথ্য জানা দরকার, এখনকার ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় সবচেয়ে বেশি। এমনকি স্টিভেন স্মিথ পর্যন্ত তাঁর পেছনে।

২৯২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো হনুমার। ছবি: টুইটার
২৯২তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো হনুমার। ছবি: টুইটার

৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ সেঞ্চুরিসহ ৫৯.৭৯ গড়ে ৫ হাজার ১৪২ রান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে টেস্ট দলে ডাক পেলেন এই ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত, তা পরখ করতে ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছিলেন। সেখানেও সফল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ জেতানো ১৪৮ রানের ইনিংস খেলেছেন।

সর্বশেষ ১৯ বছরের মধ্যে প্রথম অন্ধ্র প্রদেশের ক্রিকেটার হিসেবে টেস্ট দলে ডাক পেলেন হনুমা। এর আগে খেলেছেন যিনি, সেই মান্যব প্রসাদ এখন নির্বাচক কমিটির প্রধান। মান্যবের একটা ভূমিকা থাকলেও থাকতে পারে ঘরোয়া ক্রিকেটে দারুণ করেও প্রচারের আলো থেকে দূরে থাকা এই ক্রিকেটারের জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে।

হনুমাকে বলা হচ্ছে নতুন ভিভিএস লক্ষ্মণ। হনুমাও হায়দরাবাদের ছেলে। তবে লক্ষ্মণের সঙ্গে তুলনা শুধু এ কারণে নয়। হনুমার ছোটবেলার কোচ জন মনোজ বলেছেন, ‘বিহারি যদি আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সুযোগ পায়, সে ভারতের আরেক ভিভিএস লক্ষ্মণ হয়ে উঠবে। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন ওর গড়ই সবচেয়ে বেশি।’

এখন হনুমা কত দূর যেতে পারেন, সেটাই দেখার। হনুমার পর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যাঁর গড় সবচেয়ে বেশি (১২ ম্যাচে ৫৯.৭৬ গড়ে ৯৯৬৫ রান), সেই বিনোদ কাম্বলির টেস্ট ক্যারিয়ার ১৭ ম্যাচে থেমে গিয়েছিল। আবার কুক কিন্তু থামছেন ১৬১টি টেস্ট খেলে। কুক এরই মধ্যে ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেও পড়েছেন কুক। টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড বিনা উইকেটে তুলেছে ৯ রান।