রেকর্ড ভাঙল মেলবোর্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসিজির ভরা গ্যালারি। ছবি: প্রথম আলো
এমসিজির ভরা গ্যালারি। ছবি: প্রথম আলো

ক্রিকেট লেখকদের এ দুটো মাস যেন ব্যস্ততার অন্ত ছিল না। কত রেকর্ড ভাঙা-গড়া হলো এই বিশ্বকাপে! মাঠের ভেতরে-বাইরে এই রেকর্ড ভাঙা-গড়ার ডামাডোলে বার বার পুনর্লিখিত হয়েছে ইতিহাস। আজকের ফাইনালটিও ব্যতিক্রম নয়। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে উপস্থিত দর্শকদের সংখ্যা ছাড়িয়ে গেছে এর আগের সকল ম্যাচের রেকর্ড।

উপস্থিত দর্শকদের সংখ্যাটা অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেটা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। তবে ইতিমধ্যেই ভেন্যুর দায়িত্বশীল কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে আজকের ফাইনালটি দেখতে এমসিজির গ্যালারিতে উপস্থিত হয়েছে প্রায় ৯১ হাজার ১১২ জন। হলুদ-কালোর সমুদ্রে পরিণত হয়েছে এমসিজির গ্যালারি। এর আগে ক্রিকেট ইতিহাসের কোনো ম্যাচেই এত সংখ্যক দর্শকের সমাগম হয়নি। ১৯৯২ বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তানের ফাইনাল ম্যাচটি এমসিজিতে বসে দেখেছিলেন ৮৭ হাজার ১৮২ জন।

সর্বোচ্চ দর্শকসংখ্যার এর আগের রেকর্ডটিও ছিল এই এমসিজিতেই। ২০১৩ অ্যাশেজের ‘বক্সিং ডে’ টেস্টের প্রথম দিন গ্যালারিতে ছিলেন ৯০ হাজার ৮৩১ জন। ‘এমসিজি কত বড়’ এ নিয়ে গত কদিন টুইটারে কম ঝড় হয়নি। তবে গ্যালারিতে দর্শকদের জায়গা করে দিতে এমসিজির চেয়ে বড় জায়গা যে আর নেই তা একরকম প্রমাণিতই।