এবার বিশ্বকাপে যেন রেকর্ড করতেই এসেছেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। প্রথম ম্যাচ খেলতে নেমেই বসেছিলেন শচীন টেন্ডুলকারের পাশে। টেন্ডুলকার যেমন ভারতের হয়ে ছয়টা বিশ্বকাপ খেলেছেন, এবার বিশ্বকাপ খেলার মাধ্যমে একই কীর্তি গড়েন মিতালিও। শুধু টেন্ডুলকার আর মিতালিই নন, এই রেকর্ডের ভাগীদার হিসেবে আছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদও।
মিতালি শুধু খেলছেন বলাটা ভুল হবে, বরাবরের মতো এবারও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে আরও একটা রেকর্ড নিজের করে নিয়েছেন মিতালি।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা এখন তাঁর। ২৪ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে। ক্লার্ক ২৩ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সুজান গোটম্যান (১৯)।
রেকর্ড গড়ার এই দিনে মিতালির আনন্দ বাড়িয়ে দিয়েছেন সতীর্থরা। ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। স্মৃতি মান্ধানা আর হারমানপ্রীত কাউরের জোড়া শতকে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছিল ভারত।
ব্যাট হাতে অধিনায়ক মিতালি অবশ্য দিনটা রাঙিয়ে তুলতে পারেননি, ১১ বলে মাত্র ৫ রান করে আউট হয়েছেন। জবাবে দুর্দান্ত শুরু পর খেই হারিয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
মাত্র ১২.২ ওভারে ১০০ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার ডিয়ান্ড্রা ডটিন ও হেলি ম্যাথুস। কিন্তু আর ৬২ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ভারতকে ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫ জয় তুলে নিলেন মিতালি, ৮ ম্যাচে হার, ফল হয়নি বাকি ম্যাচে।
তবে শুধু মিতালিই নন, এই ম্যাচে রেকর্ড গড়েন অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীও। আজ শুধু আনিসা মোহাম্মদের উইকেট নিয়েছেন তিনি, তাতেই নারী বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটা নিজের করে নেন। এ নিয়ে ৪০ উইকেট হয়ে গেল তাঁর।
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে ট্রফিটা নিজের করে নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। মিতালি টেন্ডুলকারের পথ ধরে ট্রফি ছুঁতে পারেন কি না, দেখা যাক!